ইউক্রেনের একটি বন্দরের কাছে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় এর আগে দিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল কেন্দ্র। এবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বৈঠকের পর এক্স হ্যান্ডলে পোস্ট করে জয়শঙ্কর জানান, উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তিনি রুশ বিদেশমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি, দুই দেশের মধ্যে ব্যবস্যা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং রাশি-ইউক্রেন সংঘাত নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, এই বৈঠকের কথা নিশ্চিত করেছে রাশিয়ার বিদেশ মন্ত্রকও। তাদের এক্স পোস্টে জানানো হয়েছে, ম্যানিলায় রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়।
ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ভুট্টাবোঝাই ‘গোল্ডেন লিও’ নামের একটি পণ্যবাহী জাহাজ রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সেটি হামলার মুখে পড়ে। গিনি বিসাউয়ের পতাতকাবাহী ওই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছাড়ার পরপরই জাহাজটিতে তিনটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে। সঙ্গে সঙ্গে জাহাজে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।
ইউক্রেনের দাবি, এই হামলায় ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের মৃ্ত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে কিয়েভ জানিয়েছে। এছাড়া আরও এক ভারতীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের অভিযোগ, এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াই দায়ী।