বেইরুটে হিজবুল্লার ঘাঁটিতে ইজরায়েলি বায়ুসেনার হামলা, ধ্বংস বহুতল

লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে লক্ষ্য করে রবিবার বিমান হামলা চালাল ইজরায়েলি বায়ুসেনা। হামলায় দক্ষিণ বেইরুটের দাহিয়েহ এলাকার একটি বহুতল ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনীর তরফে সমাজমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বায়ুসেনার হামলার পর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ভেঙে পড়ছে একটি বহুতল ভবন। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা ধোঁয়ার ঘন কুণ্ডলীতে ঢেকে যায়। ওই ভবনটিকেই হিজবুল্লার সদর দফতর বা গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে দাবি ইজরায়েলের।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে বেইরুটের দক্ষিণাঞ্চলীয় উপশহর ঘোবেইরি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। এই অঞ্চলটি দাহিয়েহ নামে পরিচিত, যা দীর্ঘদিন ধরেই হিজবুল্লার অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত।


হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে ঘটনাকে ঘিরে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান সংঘাতের আবহে এই হামলা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে সীমান্তবর্তী এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তার মধ্যেই বেইরুটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের।