পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় একটি ইমামবাড়িতে শুক্রবারের নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আচমকা বিস্ফোরণের জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের পর বিভিন্ন হাসপাতালে একের পর এক আহতদের নিয়ে যাওয়া হয়। ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অন্তত ৩২ জন আহতকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। ঘটনার পর ইমামবাড়ি ও সংলগ্ন এলাকা পুরোপুরি ঘিরে ফেলে তদন্তকারীরা, প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে আত্মঘাতী হামলার আশঙ্কা করা হলেও এখনও সরকারিভাবে হামলার ধরন ও উদ্দেশ্য নিশ্চিত করা হয়নি। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকী জাওয়াদ জানিয়েছেন, ফরেনসিক তদন্তের পরেই স্পষ্ট হবে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, নামাজের সময় ইমামবাড়ির প্রবেশপথে হামলাকারীকে আটকানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়। ঘটনার সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন।
এই হামলা এমন এক সময়ে ঘটল যখন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়োয়েভ দু’দিনের সরকারি সফরে ইসলামাবাদে রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে একাধিক রক্তক্ষয়ী হামলার প্রেক্ষাপটে রাজধানীতে এই বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
বিশেষ করে বালুচিস্তানে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত। বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলির ‘অপারেশন হেরফ’-এর দ্বিতীয় পর্যায়ের হামলায় জানুয়ারির শেষ থেকে একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাল্টা অভিযানে জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হচ্ছে, যার জেরে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা বাড়ছে।