ভারত-সহ দক্ষিণ এশিয়ায় হিন্দুদের উপর হামলার উস্কানি দিচ্ছে আইএসআই

প্রতিনিধিত্বমূলক চিত্র

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআই ভারত-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হিন্দুদের উপর হামলার উস্কানি দিয়েছে বলে উঠে এল এক চাঞ্চল্যকর রিপোর্টে। চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে এই হুমকির কথা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা মহলে উদ্বেগ ছড়িয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে, আইএস-ঘনিষ্ঠ বিভিন্ন অনলাইন গোষ্ঠী সম্প্রতি একাধিক বার্তা ছড়িয়ে হিন্দুদের লক্ষ্য করে হামলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ৯ মার্চ একটি বার্তায় বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের একাধিক রাজ্যের নাম উল্লেখ করা হয়। তালিকায় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মণিপুরের নামও ছিল। এই বার্তা দ্রুত বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, জঙ্গি সংগঠনের সমর্থকেরা বিদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাকেও প্রশংসা করেছে। সেই ঘটনাগুলিকে সামনে রেখে আরও হামলার উস্কানি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের বার্তা বিশ্লেষণ ও প্রচার চালানো হচ্ছে।


এছাড়া, আইএস তাদের প্রচার আরও জোরদার করেছে। মার্চের প্রথমার্ধে একাধিক প্রচারমূলক বার্তা ও ভিডিও ছড়িয়ে সংগঠনটি নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করছে। একইসঙ্গে অনলাইন মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টার কথাও উঠে এসেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ৮ থেকে ১৪ মার্চের মধ্যে বিভিন্ন দেশে একাধিক হামলার দায় স্বীকার করেছে আইএস। নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া-সহ একাধিক দেশে তাদের সক্রিয়তার উল্লেখ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উস্কানিমূলক বার্তা কেবল ভারতে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফলে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও সামনে আসছে।