সংঘর্ষবিরতি বজায় থাকলেও শান্তিচুক্তি নিয়ে এখনও টানাপোড়েন ইরান-আমেরিকার

ইরান এবং আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চলছে। কিন্তু স্থায়ী শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। তবে কূটনৈতিক সূত্রের দাবি, ইতিমধ্যেই একটি খসড়া সমঝোতাপত্র তৈরি হয়েছে এবং আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। 

আলোচনার অন্যতম বড় বিষয় হল ইরানের জন্য বড় অঙ্কের আর্থিক পুনর্গঠন প্যাকেজের প্রস্তাব। সূত্রের খবর, প্রায় ৩০ হাজার কোটি ডলারের আন্তর্জাতিক বিনিয়োগ ও পুনর্গঠন তহবিল নিয়ে আলোচনা হয়েছে।

যুদ্ধ এবং নিষেধাজ্ঞার জেরে দীর্ঘদিন ধরে চাপে থাকা ইরানের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।পাশাপাশি বিদেশি ব্যাঙ্কে বাজেয়াপ্ত থাকা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।সেই অর্থ ফেরত পেলে ইরানের আর্থিক পরিস্থিতি অনেকটাই ফিরতে পারে।


সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ। অন্তর্বর্তী খসড়া চুক্তিতে ইরান ওই সমুদ্রপথ আবার খুলে দিতে পারে বলে উল্লেখ রয়েছে। তার বদলে ভবিষ্যতে ওই প্রণালী ব্যবহারকারী জাহাজের উপর কর বসানোর প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, সেই কর থেকে ইরান ও ওমান— উভয় দেশই লাভবান হবে।

আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৬০ দিনের সংঘর্ষবিরতির প্রস্তাবও দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমা বাড়ানো হতে পারে। তবে ইরান জানিয়েছে, এই সংঘর্ষবিরতির আওতায় লেবাননকেও রাখতে হবে এবং সেখানে কোনও হামলা চলবে না।

তবে আলোচনায় অগ্রগতি হলেও এখনও পর্যন্ত ট্রাম্প এই খসড়া চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি বলেই খবর। কূটনীতিকদের আশঙ্কা, পরিস্থিতি আবার উত্তপ্ত হলে গোটা আলোচনা প্রক্রিয়াই ধাক্কা খেতে পারে।