আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার পরিকল্পনা করছে ইরান ? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক মূল্যায়নে তেমনই আশঙ্কার কথা উঠে এসেছে বলে দাবি করেছে সিএনএন। প্রতিবেদন অনুযায়ী, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বম্ব’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিশানা করার সম্ভাবনা খতিয়ে দেখছে তেহরান।
গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত ৭ জন মার্কিন আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি। যদিও এখনই হামলা আসন্ন, এমন নির্দিষ্ট প্রমাণ মেলেনি। ইরানের হাতে এই ধরনের হামলা চালানোর মতো লোকবল ও উপকরণ রয়েছে কি না, তা নিয়েও মার্কিন প্রশাসনের অন্দরে সংশয় রয়েছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্য থেকে সম্ভাব্য হামলার স্থান এবং লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। এমনকি, বোমা তৈরির উপকরণ ইতিমধ্যেই আমেরিকায় নিয়ে আসা হয়ে থাকতে পারে বলেও ধারণা গোয়েন্দা মহলের। তবে সমস্ত রকম তথ্যের বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিকদের একাংশের ধারণা, তেজস্ক্রিয় পদার্থ কয়েক বছর আগেই আমেরিকায় মজুত করা হয়ে থাকতে পারে। ফলে সাম্প্রতিক সময়ে ইরানের হামলা চালানোর সক্ষমতা বেড়েছে কি না, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।
এই আশঙ্কার জেরে গত এক সপ্তাহ ধরে, হামলা হলে মোকাবিলার প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন আধিকারিকরা। ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টকেও তাঁর বাসভবন থেকে সরিয়ে সামরিক আবাসনে রাখা হয়েছে বলে খবর। তবে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, সব ধরনের হুমকির উপর নজর রাখছে প্রশাসন। এই মুহূর্তে আমেরিকার মূল ভূখণ্ডে হামলার কোনও বিশ্বাসযোগ্য হুমকি নেই বলেও দাবি তাঁর।
ডার্টি বম্ব হল এমন এক ধরনের বিস্ফোরক, যাতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মেশানো থাকে। বিস্ফোরণের মাধ্যমে ওই পদার্থ আশেপাশে ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমার মতো এতে বিপুল শক্তি উৎপন্ন হয় না। বরং তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে আতঙ্ক তৈরি করাই এই অস্ত্রের অন্যতম বিপজ্জনক দিক। অন্যদিকে, রাসায়নিক অস্ত্র একটি পৃথক ধরনের অস্ত্র। গোয়েন্দা রিপোর্টে দুই ধরনের হামলার সম্ভাবনার কথাই উঠে এসেছে বলে দাবি সিএনএনের।
শুধু আমেরিকার মূল ভূখণ্ড নয়, পশিচম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উপরও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা খতিয়ে দেখা হচ্ছে। হামলা হলে সেনা, কূটনীতিক ও গোয়েন্দা কর্মীদের কাছে পর্যাপ্ত সুরক্ষার সরঞ্জাম এবং প্রশিক্ষণ রয়েছে কি না, তাও পর্যালোচনা করছে প্রশাসন। এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ইরান। রাষ্ট্রসঙ্ঘে ইরানের মিশনের এক মুখপাত্রের বক্তব্য, যে কোনও পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্রের ব্যবহার অবৈধ। তেহরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলেও দাবি করেছে তারা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করে হামলা চালায় তেহরান। যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সংঘাতের আবহে আমেরিকার মাটিতে হামলার সম্ভাবনা নিয়ে নতুন করে গোয়েন্দা মহলের সতর্কবার্তা ওয়াশিংটনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/uyo957E6CjI?si=q3Pg_PytneKbEjnG” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>