খামেনেইয়ের অস্থায়ী উত্তরসূরির নাম ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইর মৃত্যুর পর দ্রুত নতুন নেতৃত্বের ঘোষণা করল তেহরান। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, খামেনেইয়ের ঘনিষ্ঠ এবং ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌সের ডেপুটি চেয়ারম্যান আরাফিকে অস্থায়ীভাবে নতুন আয়াতোল্লা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি দেশের শিক্ষাব্যবস্থারও শীর্ষ পদে ছিলেন। খামেনেই-পরবর্তী নেতৃত্ব নিয়ে জল্পনার মাঝেই এই সিদ্ধান্ত সামনে এল।

এদিকে খামেনেইয়ের মৃত্যুর জন্য আমেরিকা ও ইজ়রায়েলকে দায়ী করে কড়া বার্তা দিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানিয়েছেন, প্রতিশোধ নেওয়াকে ইরান তাদের বৈধ অধিকার ও কর্তব্য হিসেবে দেখছে। তাঁর কথায়, যারা এই ‘ঐতিহাসিক অপরাধ’ ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সে ক্ষেত্রে কোনও রকম শৈথিল্য দেখানো হবে না।

ইরানের দাবি, সাম্প্রতিক হামলায় শুধু খামেনেই নন, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা, সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি-সহ একাধিক শীর্ষ সামরিক আধিকারিক নিহত হয়েছেন। এই ঘটনার পর দেশজুড়ে যুদ্ধকালীন প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজ়া আরিফ প্রশাসনের সব স্তরকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।


এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারজানি আমেরিকা ও ইজ়রায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, ইরানের পাল্টা আঘাত হবে নজিরবিহীন। লারজানির এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান আরও হামলা চালালে আমেরিকাও কঠোর জবাব দেবে।

খামেনেইয়ের মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে ইরানের পরবর্তী কৌশল কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর নজরদারি শুরু হয়েছে।