জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.৭

প্রতীকী চিত্র

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। মঙ্গলবার সকালে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ন্যাশানাল সেন্টার ফর সেসমোলজি এক্স হ্যান্ডলে এই বিষয়ে পোস্ট করেছে। জানা গিয়েছে, ভারতীয় সময় প্রায় ৯টা নাগাদ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজি এক্স হ্যান্ডলে যে পোস্ট করেছে সেখানে জানিয়েছে, সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব দিকে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মিনিটেরও বেশি সময় ধরে সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই কম্পনের পরে একটি আফটারশক অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে। সুলাওয়েসি অঞ্চল বহুদিন ধরেই ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। তবে ইন্দোনেশিয়ায় এই ভূমিকম্পের পরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।


উল্লেখ্য, কয়েকদিন আগে ফিলিপাইন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। সেই সময়ে ভূমিকম্পের জেরে দেশের কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এর পাশাপাশি প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও সতর্কতা জারি করা হয়েছিল।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের কাছে সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রের নিচে। ভূমিকম্পের পর ফিলিপাইনের নয়টি উপকূলীয় প্রদেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।