বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফরাক্কা চুক্তির উপর নির্ভর করছে, দিল্লিকে বার্তা ফখরুল ইসলামের

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ফরাক্কা চুক্তি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা ফের স্পষ্ট করলেন বাংলাদেশের শাসকদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, গঙ্গার জল কী ভাবে দুই দেশের মধ্যে বণ্টিত হবে, তার উপরই ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেকটাই নির্ভর করবে। চলতি বছরের ডিসেম্বরেই ফরাক্কা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তাই সাধারণ মানুষের স্বার্থে দ্রুত নতুন চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশে ১৬ মে পালিত হয় ‘ফরাক্কা দিবস’। সেই উপলক্ষে ঢাকায় আয়োজিত এক আলোচনা সভা থেকে ফখরুল ভারতের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে, তবে সেই সম্পর্ক টেকসই হবে কি না, তা নির্ভর করছে গঙ্গার জলবণ্টন চুক্তির উপর। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত বা চুক্তি হতে দেওয়া হবে না।

ফখরুল এর আগেও ফরাক্কা বাঁধ নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। তাঁর অভিযোগ, আন্তঃসীমান্ত নদীগুলিতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে বাংলাদেশের প্রাপ্য জল আটকে দিচ্ছে। এমনকি ফরাক্কা বাঁধকে তিনি বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ বলেও উল্লেখ করেন। তাঁর মতে, এই পরিস্থিতি দেশের পরিবেশ, কৃষি এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে।


উল্লেখযোগ্য ভাবে, ২০২৪ সালে গণআন্দোলনের জেরে ক্ষমতা ছাড়েন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার পরিচালনা করেন মুহাম্মদ ইউনূস। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি এবং প্রধানমন্ত্রী হন তারেক রহমান। এই রাজনৈতিক পরিবর্তনের আবহেই ফরাক্কা চুক্তি নিয়ে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করল ঢাকা।