ভাড়াটেকে হেনস্থার অভিযোগ, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা

ভাড়াটেকে হেনস্থার অভিযোগে কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। তাঁর বিরুদ্ধে ভাড়াটের ঘরে জোর করে ঢুকে পাথর ছোড়া থেকে শুরু করে বাইরে রান্না করা খাবার নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে। কয়েক দিন আগে ঘটনার দু’টি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হন ওই মহিলা।

কানাডার সারের বাসিন্দা ওই মহিলার নাম রাজ তিওয়ানা বলে জানা গিয়েছে। কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে দু’টি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেন এক ভাড়াটে। সেই ভিডিয়োগুলিতে বাড়ির মালিকের সঙ্গে তাঁর বচসা এবং হাতাহাতির ছবি ধরা পড়ে।

 


 

প্রথম ভিডিয়োয় দেখা যায়, বাড়ির বাইরের খোলা জায়গায় গ্রিল করে স্টেক রান্না করছিলেন ওই ভাড়াটে। আচমকাই সেখানে হাজির হন রাজ। চিৎকার করে তিনি জানান, তাঁর সম্পত্তিতে এ ভাবে রান্না করা যাবে না। এমনকি গ্রিল থেকে মাংস ফেলে দেওয়ারও চেষ্টা করেন। ভাড়াটে তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁরা বাড়ির বাইরের নির্দিষ্ট জায়গাতেই রান্না করছেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। উল্টে পুলিশ ডাকার হুমকি দেন রাজ।

দ্বিতীয় ভিডিয়োয় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে দেখা যায়। অভিযোগ, ভাড়াটের ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়েন রাজ। ভিডিয়োয় ভাড়াটেকে বলতে শোনা যায়, “আপনি আমার ইউনিটে ঢুকেছেন কেন? দয়া করে চলে যান।” এরপর দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

 

সমাজমাধ্যমে ভিডিয়ো প্রকাশ করে ওই ভাড়াটে অভিযোগ করেন, বাড়ির মালিকের সঙ্গে তাঁর মতবিরোধের জেরেই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়েছে। তাঁর আরও দাবি, কয়েক জন জোর করে বাড়িতে ঢুকে পড়েন এবং তাঁর মতামত না নিয়েই তালা বদলে দেওয়া হয়।

‘টিওয়ানা ফার্ম সারভাইভার’ নামে একটি ইনস্টাগ্রাম পেজেও ভিডিয়োগুলি ছড়িয়ে পড়ে। যদিও ভিডিয়োগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

ঘটনা প্রকাশ্যে আসার পরই রাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। অবশেষে তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারির একটি ভিডিয়োও সামনে এসেছে, যেখানে তাঁর হাতে হাতকড়া পরানো অবস্থায় দেখা যায় তাঁকে। তবে এখনও পর্যন্ত স্থানীয় পুলিশের তরফে বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি। রাজ তিওয়ানার বর্তমান অবস্থান বা তাঁর বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা হয়েছে, তা-ও স্পষ্ট নয়।