কুয়েতে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত, মৃতের সংখ্যা বেড়ে ৮

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতে ফের প্রাণহানির ঘটনা। কুয়েতের একটি বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে ইরানের হামলায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সংঘাতে নিহত ভারতীয়দের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৮। কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরে এই হামলা চালানো হয়। হামলায় ওই কর্মীর মৃত্যু হয় এবং ওই কেন্দ্রের একটি পরিষেবা ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রক এই ঘটনাকে ‘ইরানের পাপপূর্ণ আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

হামলার পরই ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও প্রযুক্তিগত দল পাঠানো হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং পরিষেবা স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জল সরবরাহের পরিকাঠামো রক্ষা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয়র মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের এক ভারতীয়ের প্রাণহানি ঘটে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এর আগে পশ্চিম এশিয়ার এই সংঘাতে ৭ জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। একজন নিখোঁজ ছিলেন। কুয়েতের এই ঘটনার পর মৃতের সংখ্যা আরও বেড়ে গেল।


উল্লেখ্য, প্রায় পাঁচ সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকেই এই সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর থেকে ইরানের তরফে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যার লক্ষ্যবস্তু হয়েছে ইজরায়েল ছাড়াও উপসাগরীয় বিভিন্ন দেশ। এই সংঘাতে ইতিমধ্যেই একাধিক দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর তার প্রভাব পড়ছে প্রবাসী ভারতীয়দের উপরও।

বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে।