পশ্চিম এশিয়ায় ক্রমশ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বড় সতর্কতা জারি করল ভারত সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ধ্বংসের হুঁশিয়ারি দেওয়ার পরই ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে স্পষ্ট বলা হয়েছে—পরবর্তী ৪৮ ঘণ্টা যেখানে রয়েছেন, সেখানেই অবস্থান করতে হবে। বিশেষভাবে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসও নাগরিকদের জন্য আলাদা করে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা দূতাবাসের ব্যবস্থায় হোটেলে রয়েছেন, তাঁরা যেন হোটেলের ভিতরেই থাকেন। পরিস্থিতির উপর নজর রেখে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখবে এবং প্রয়োজন মতো নতুন নির্দেশ জারি করা হবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেল আইডিও দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই বৈদ্যুতিক বা সামরিক কেন্দ্রের কাছে যাওয়া যাবে না। বহুতল ভবনের উপরের তলাও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সম্ভাব্য হামলার ক্ষেত্রে এই জায়গাগুলি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা ঘনিয়ে আসতেই তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন—একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। যদিও একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, শেষ মুহূর্তে আক্রমণ থেকে সরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলায় ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।