সংযুক্ত আরব আমিরশাহিতে সতর্কবার্তা জারি ভারতীয় দূতাবাসের

ছবি: এএনআই

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস। সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে কোনও গুজবে কান না দিয়ে সরকারি সূত্রে প্রকাশিত তথ্যের উপরই নির্ভর করতে বলা হয়েছে। সতর্কবার্তায় প্রয়োজন ছাড়া জনবহুল এলাকা বা সংবেদনশীল স্থানে ভিড় না করতে বলা হয়েছে। যেকোনও জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে। পাশাপাশি নিজের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র সবসময় সঙ্গে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে গোটা অঞ্চলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিও সতর্কতামূলক নির্দেশ জারি করছে।


দূতাবাস সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং প্রয়োজন হলে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয়দের শান্ত থাকার পাশাপাশি সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।