জাহাজ নির্মাণে দক্ষতা বাড়াতে ভারত-দক্ষিণ কোরিয়ার চুক্তি, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের সামুদ্রিক শক্তি আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল ভারত। জাহাজ নির্মাণ ও সামুদ্রিক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল কেন্দ্র। এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে বলেই কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে।

কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষ জনবল গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হবে। দেশের যুব সমাজের জন্য এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে জাহাজ নির্মাণ ও সামুদ্রিক প্রকৌশল ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে। কোথায় দক্ষতার ঘাটতি রয়েছে, কীভাবে সেই ঘাটতি পূরণ করা যায়— তা নিয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ধরনের দক্ষ জনবল অত্যন্ত প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারত এই ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে। এই উদ্যোগের অংশ হিসেবে দুই দেশের মধ্যে যৌথ কর্মশালা আয়োজন করা হবে, যেখানে শিল্প ক্ষেত্রের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এর মাধ্যমে নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান আদানপ্রদান হবে।


পাশাপাশি দেশে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যেখানে জাহাজ নির্মাণ সংক্রান্ত কারিগরি দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হবে। পর্যবেক্ষকদের মতে, এই চুক্তি শুধু সামুদ্রিক ক্ষেত্রেই নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে।