রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে কটাক্ষ ভারতের

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। বুধবার ‘সশস্ত্র সংঘাতে নাগরিকদের নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনাসভায় জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ তোলে পাকিস্তান। এর পরই পাল্টা জবাবে ইসলামাবাদের ভূমিকার তীব্র সমালোচনা করেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি।

বক্তৃতায় হরিশ বলেন, গণহত্যার ইতিহাসে কলঙ্কিত একটি দেশ ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর বক্তব্যে স্পষ্ট, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে ভারত কোনোভাবেই গ্রহণ করছে না। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার ও নাগরিক সুরক্ষার কথা বললেও বাস্তবে পাকিস্তানের ভূমিকা সম্পূর্ণ বিপরীত বলেও অভিযোগ তোলেন তিনি।

পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে আফগানিস্তানে হামলার প্রসঙ্গও তুলে ধরেন ভারতের প্রতিনিধি। তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে পবিত্র রমজান চলাকালীন কাবুলের একটি হাসপাতালে হামলা চালানো হয়, যার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে। এই ঘটনায় ২৬৯ জন নিহত এবং ১২২ জন আহত হন বলে উল্লেখ করেন হরিশ। তাঁর কথায়, নিরীহ মানুষের উপর এমন হামলাকে কোনোভাবেই সামরিক অভিযান বলা যায় না; বরং এটি কাপুরুষোচিত আক্রমণের উদাহরণ।


একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একদিকে সন্ত্রাস ও হিংসার মতো ঘটনাকে প্রশ্রয় দিয়ে অন্যদিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়ে নীতিবাক্য শোনানো পাকিস্তানের চরম দ্বিচারিতা। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভারতের এই কড়া প্রতিক্রিয়া ঘিরে ফের দুই দেশের কূটনৈতিক উত্তেজনা সামনে এল।