কাবুলে ভয়াবহ হামলার পর আহতদের চিকিৎসায় সহায়তা করতে আফগানিস্তানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রক জানায়, প্রায় ২.৫ টন ওজনের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় কিট কাবুলে পাঠানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে রয়েছে ভারত এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ১৬ মার্চের ‘হিংস্র হামলায়’ আহতদের দ্রুত সুস্থ করে তুলতেই এই সাহায্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের বিমান হামলায় কাবুলের পুল-ই-চারখি এলাকায় অবস্থিত একটি বৃহৎ হাসপাতাল— ওমিদ আসক্তি নিরাময় হাসপাতাল— লক্ষ্য করে আঘাত হানা হয়। প্রায় ২০০০ শয্যার এই হাসপাতালে হামলার জেরে ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এটি এক কাপুরুষোচিত ও নৃশংস হামলা, যেখানে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। কোনওভাবেই একটি হাসপাতালকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দেখা যায় না।’ ভারতের অভিযোগ, পাকিস্তান এই ঘটনাকে ‘সামরিক অভিযান’ বলে আড়াল করার চেষ্টা করছে।
ভারত আরও জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর ‘সরাসরি আঘাত’ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি, রমজানের মতো পবিত্র সময়ে এই হামলাকে আরও নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক মহলের কাছে ভারতের আবেদন, এই ‘অপরাধমূলক কাজ’-এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং নিরীহ নাগরিকদের উপর এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
শেষে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ভারত জানিয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন অটুট থাকবে।