কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে আমেরিকার নেতৃত্বে নতুন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিল ভারত। চিনের উপর প্রযুক্তিগত নির্ভরতা কমানো ও গুরুত্বপূর্ণ এআই প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অফ এন্ডিউরিং প্রসপারিটি নামে এই চুক্তিতে স্বাক্ষর করেছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহি।
ফিনানশিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় কমিশনও আগামী সপ্তাহে এই চুক্তিতে যোগ দিতে পারে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে আমেরিকার নেতৃত্বে শুরু হয়েছিল প্যাক্স সিলিকা উদ্যোগ। এর মূল উদ্দেশ্য এআই প্রযুক্তির সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা ও চিনের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরতা কমানো।
এই উদ্যোগের আওতায় রয়েছে সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, উন্নত উৎপাদন ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো ও ডেটা সেন্টার। কারণ, একটি এআই চিপের নকশা তৈরি হতে পারে এক দেশে। উৎপাদন অন্য দেশে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আসতে পারে তৃতীয় কোনও দেশ থেকে। ফলে গোটা সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা কোনও একটি দেশের পক্ষে কঠিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিনের হাতে উন্নত এআই চিপ পৌঁছনো নিয়েও উদ্বিগ্ন। বিশেষ করে এনভিডিয়ার তৈরি উন্নত চিপ বেআইনিভাবে চিনে পাঠানোর অভিযোগে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ভারত ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর উৎপাদন, এআই পরিকাঠামো ও দেশীয় প্রযুক্তি শিল্পের প্রসারে জোর দিচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত-এআই ইমপ্যাক্ট সামিটের সময়ে আনুষ্ঠানিকভাবে প্যাক্স সিলিকায় যোগ দিয়েছিল নয়াদিল্লি। এই চুক্তির ফলে ভারতীয় সংস্থাগুলি আন্তর্জাতিক প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় অংশগ্রহণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সহযোগিতার সুযোগ পেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জোট যোগ দিলেই দেশে চিপ উৎপাদন শুরু হয়ে যাবে না। নিজস্ব উৎপাদন পরিকাঠামো তৈরি, গুরুত্বপূর্ণ খনিজের জোগান নিশ্চিত করা ও বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। এআই ও জননীতি বিশেষজ্ঞ সাগর সাইয়ের মতে, ভারতের লক্ষ্য শুধু এআই প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকা নয়, বরং পরিকাঠামো, সেমিকন্ডাক্টর উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা।
আরও পড়ুন: এআই সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, বার্ষিক বেতন সর্বোচ্চ ৩.৮১ কোটি টাকা!
বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় যে প্রযুক্তি, চিপ, খনিজ সম্পদ ও বিদ্যুৎ পরিকাঠামো এখন কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, এই চুক্তি তারই ইঙ্গিত দিচ্ছে।