আমেরিকাই ইজরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের এই মন্তব্যের প্রকাশ্যে বিরোধিতা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত-সহ আরও বহু দেশ ইজরায়েলের পাশে রয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হোয়াইট হাউসে ইজরায়েলের সবচেয়ে বড় বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের আরও কিছু বন্ধু রয়েছে, যেমন ভারত। ১৪০ কোটিরও বেশি মানুষের দেশ ভারত আমাদের বন্ধু। সেখান থেকে আমরা বিপুল সমর্থন পাই।’ তাঁর দাবি, ভারতের বহু মানুষ সমাজমাধ্যমে তাঁকে সমর্থনের বার্তাও পাঠিয়ে থাকেন।
সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটেই গত সপ্তাহে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভান্স বলেন, ‘আমেরিকা ছাড়া ইজরায়েলের আর কোনও শক্তিশালী মিত্র নেই। আমি যদি ইজরায়েলের মন্ত্রীসভায় থাকতাম, তাহলে একমাত্র শক্তিশালী মিত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতাম না।’
ভান্সের আরও দাবি, ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই মার্কিন অস্ত্র ও করদাতাদের অর্থের উপর নির্ভরশীল। তাঁর মতে, ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইজরায়েলরও যুদ্ধবিরতির শর্ত মেনে চলা উচিত। লেবাননে সাম্প্রতিক হামলা কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি সতর্ক করেছিলেন।
তবে ভান্সের সঙ্গে মতবিরোধ থাকলেও ব্যক্তিগত সম্পর্কে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন নেতানিয়াহু। তাঁর কথায়, ‘ভান্সের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। কিন্তু তাই বলে তিনি যা বলবেন, তার সবকিছুর সঙ্গে আমাকে একমত হতে হবে, এমন নয়।’ ভারতের পাশাপাশি আরও অনেক দেশ ইজরায়েলকে সমর্থন করে বলেও দাবি করেছেন নেতানিয়াহু। যদিও তিনি অন্য কোনও দেশের নাম উল্লেখ করেননি। তাঁর অভিযোগ, অনেক দেশের সরকার প্রকাশ্যে ইজরায়েলের সমালোচনা করলেও, পর্দার আড়ালে তারা তেল আবিবের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
সাক্ষাৎকারে লেবানন প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান-অধ্যুষিত গ্রাম নিজেদের নিরাপত্তার স্বার্থে ইজরায়েলের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ ইজরায়েল তাদের হিজবুল্লার হামলা থেকে রক্ষা করছে।