বিশ্বজুড়ে চলা সংঘাতের পরিস্থিতিতে (Global Conflicts) ভবিষ্যতে আরও বড় ভূমিকা নিতে পারে ভারত (India)— এমনই ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। জার্মানির বার্লিনে (Berlin) ভারতীয় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিম এশিয়ার (West Asia) পরিস্থিতি নিয়েও ভারত সক্রিয়ভাবে নজর রাখছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে ভারতের কূটনৈতিক নীতি সব সময় ভারসাম্যপূর্ণ থেকেছে। কোনও পক্ষকে শত্রু না ভেবে, সকলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া— এই নীতিতেই এগোচ্ছে দেশ। তিনি বলেন, ‘ভারত ইতিমধ্যেই শান্তির চেষ্টা করেছে। ভবিষ্যতে উপযুক্ত সময় এলে আরও বড় ভূমিকা নিতে পারে।’
রাশিয়া (Russia) ও ইউক্রেন (Ukraine) সংঘাতের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে শান্তির বার্তা দিয়েছেন। তিনি বলেন, আলোচনা ও সংলাপই সমস্যার সমাধানের একমাত্র পথ। হরমুজ প্রণালী (Strait of Hormuz) প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও ভারতীয় জাহাজ চলাচল চালিয়ে যেতে পেরেছে। এর কারণ, ভারতকে কোনও পক্ষই প্রতিপক্ষ হিসেবে দেখে না। এই কূটনৈতিক ভারসাম্যই ভারতের বড় শক্তি বলে তিনি দাবি করেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের (Boris Pistorius) আমন্ত্রণে এই সফরে গিয়ে রাজনাথ সিং জানান, এটি তাঁর প্রথম জার্মানি সফর। দুই দেশের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপরই এই সম্পর্ক প্রতিষ্ঠিত।
তিনি বলেন, ২০২৬ সালে ভারত-জার্মানির (India-Germany Relations) কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। বর্তমানে জার্মানি ইউরোপে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই হাজারের বেশি জার্মান সংস্থা ভারতে কাজ করছে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। পাশাপাশি ভারতীয় সংস্থাগুলিও জার্মানিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে।