উৎসবের মাঝেই চলল এলোপাথাড়ি গুলি, আহত ১২

আমেরিকার রাস্তায় এলোপাথাড়ি গুলিবর্ষণে আহত ১২ জন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি জনপ্রিয় রাস্তায় উৎসব চলাকালীন গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় ওই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে টলেডোর ঐতিহাসিক ওল্ড ওয়েস্ট এন্ড এলাকায় বার্ষিক ‘ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল’-এর কাছে এই ঘটনা ঘটে। এদিন সেই উৎসবে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে সেখানে উপস্থিত জনতা আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালান।

টলেডো পুলিশের ডেপুটি চিফ জো হেফারনান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অন্তত দু’জন ব্যক্তি বন্দুক নিয়ে পরস্পরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সেই গুলিতেই বহু সাধারণ মানুষ আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে বয়স বেশিরভাগই তরুণ-তরুণীর বয়স ২০ বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে।


ঘটনার তদন্তে নেমে পুলিশ সেদিন উৎসবে উপস্থিত মানুষদের কাছ থেকে ছবি ও ভিডিও চেয়েছেন। তদন্তকারীদের অনুমান, মোবাইলে তোলা ছবি বা ভিডিও থেকে হামলাকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এই উৎসবগুলোতে মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ করে থাকেন। তাই এগুলি নিরাপদ জায়গায় হওয়া উচিত। সেখানে এরকম ঘটনা ঘটার কোনও জায়গা নেই।

এদিকে, টলেডোর ফায়ার চিফ অ্যালিসন আর্মস্ট্রং জানান, উৎসবের কারণে রাস্তা বন্ধ ছিল। সেইসঙ্গে এই ঘটনার পরে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। তাই আহতদের হাসপাতালে নিয়ে যেতে প্রথমে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এক ঘণ্টার মধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতি বছর ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল টলেডোর অন্যতম জনপ্রিয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দুই দিনের উৎসবে লাইভ মিউজিক, খাবারের স্টলের পাশাপাশি কেনাকাটার নানা আয়োজন করা হয়।