পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে খুনের চেষ্টা করা হচ্ছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি জেলে সাক্ষাৎ করার পর ইমরানের বোন উজমা খান এবং আলিমা খান অভিযোগ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে।
তাঁদের দাবি, বন্দি অবস্থায় ইমরানের শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। বর্তমানে ৭৩ বছর বয়সি ইমরান ইসলামাবাদের আদিয়ালা জেলে বন্দি। পরিবারের অভিযোগ, তাঁর দৃষ্টিশক্তির অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলেও সেই প্রক্রিয়াতেও বিলম্ব ঘটছে।
২০২৩ সালে দুর্নীতির একাধিক অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার ইমরানকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি। পরিবারের দাবি, ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়নি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মহসিন নকভি।
ইমরানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পরিবারের আশঙ্কা, তাঁর নিরাপত্তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে ইমরানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট মহলের বহু প্রাক্তন অধিনায়ক। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাসকার, কপিল দেব, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, ইংল্যান্ডের নাসের হুসেন এবং অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ। একটি চিঠিতে তাঁরা পাকিস্তান সরকারের কাছে ইমরানের যথাযথ চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।
ক্রিকেট দুনিয়ায় কিংবদন্তি হিসেবে পরিচিত ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং পরিবারের তোলা অভিযোগ—দু’টি বিষয়ই এখন পাকিস্তানের রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।