ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলে, বাহরাইনে বাজছে সাইরেন

পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের ঘন কালো ছায়া। অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও তার প্রভাব পড়তে শুরু করেছে। বুধবার জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেসব ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। অন্যদিকে, বাহরাইনে এক ঘণ্টার মধ্যে দুবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রগুলি জারকা প্রদেশের আল-আজরাক এলাকার দিকে আসছিল। তবে সেগুলি আকাশেই ধ্বংস করা হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি সামাল দিতে বিশেষ সামরিক দল মোতায়েন করা হয়েছে। জর্ডান সরকার জানিয়েছে, দেশের আকাশসীমা রক্ষায় তারা সতর্ক রয়েছে। কোনও ধরনের অনুপ্রবেশ তারা মেনে নেবে না। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ভিন্ন দাবি করেছে। তাদের দাবি, জর্ডানে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং মার্কিন সেনাবাহিনীর কমান্ড সেন্টারও ছিল।


এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রের খবর, বাহরাইন ও কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে শান্ত থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর AH-64 অ্যাপাচি হেলিকপ্টার নিশানা করার জবাব হিসেবে ইরানের উপরে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন জায়গায় সামরিক হামলা চালায় আমেরিকান সেন্ট্রাল কমান্ড (CENTCOM)।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনও হামলা বা হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।