আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর মাথায় কার্যত বিনা মেঘে বজ্রপাত। মার্কিন প্রযুক্তি সংস্থা ‘আইবিএম’ (IBM) তাদের বৃহত্তম শাখা ‘আইবিএম কনসাল্টিং’-এর (IBM Consulting) অধিকাংশ পদের জন্য ‘এইচ-১বি’ (H-1B) ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের জেরে প্রভাবিত বিদেশি কর্মীদের সামনে মাত্র দু’টি বিকল্প রাখা হয়েছে। হয় আমেরিকা ছেড়ে অন্য কোনও দেশে আইবিএমের অফিসে গিয়ে কাজ করতে হবে, নয়তো চলতি বছরের শেষেই চাকরি ছাড়তে হবে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ, সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্মীদের হাতে দেওয়া হয়েছে মাত্র তিন সপ্তাহ সময়। যাঁরা বিদেশের অন্য অফিসে স্থানান্তরিত (relocate) হতে রাজি হবেন না, তাঁদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ শেষ কর্মদিবস হিসেবে ধরে নিয়ে তিন মাসের বেতন বা সেভারেন্স প্যাকেজ (severance pay) দিয়ে বিদায় জানানো হবে।
দেড় লক্ষ কর্মীর বিভাগে কোপ
বিশ্ব জুড়ে দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করেন আইবিএম কনসাল্টিং বিভাগে। যদিও এই নতুন নীতির ফলে ঠিক কত জন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বা তাঁদের মধ্যে কত জন বর্তমানে আমেরিকায় রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও সংখ্যা প্রকাশ করেনি সংস্থাটি। তবে আমেরিকার সরকারি পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরেই আইবিএমে এইচ-১বি ভিসার অনুমোদন ক্রমশ কমছিল। ২০২৪ অর্থবর্ষে প্রায় তিন হাজার থেকে কমে ২০২৫ অর্থবর্ষে দু’হাজারের কিছু বেশি এবং ২০২৬ অর্থবর্ষে তা নেমে এসেছে ১,৬০০-র সামান্য ওপরে।
হঠাৎ এই কঠোর পদক্ষেপের নেপথ্যে ব্যবসার বদলে যাওয়া চাহিদা এবং দক্ষ কর্মীর অভাবকেই কারণ হিসেবে দেখিয়েছে সংস্থাটি। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে এত দিন তাঁরা আমেরিকার হাই-স্কিলড ভিসা কর্মসূচির সাহায্য নিতেন। কিন্তু গত কয়েক বছর ধরেই সেই নির্ভরতা কমছিল। দক্ষ কর্মীর জোগান এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কথা মাথায় রেখেই আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সংস্থার সমস্ত বিভাগে নয়, কেবল কনসাল্টিং শাখার বেশির ভাগ পদের ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। ২০২৪ সাল থেকে কনসাল্টিং ব্যবসার বৃদ্ধি কার্যত থমকে থাকায়, ‘রেড হ্যাট’ (Red Hat), ‘হ্যাশিকর্প’ (HashiCorp) এবং ‘কনফ্লুয়েন্ট’-এর (Confluent) মতো সংস্থা অধিগ্রহণ করে নিজেদের মূলত সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হিসেবে নতুন করে সাজিয়ে তুলছে আইবিএম।
ফেরার ঠিকানা হতে পারে ভারত
যে কর্মীরা আইবিএমেই কাজ চালিয়ে যেতে চান, তাঁদের জন্য আমেরিকার বাইরে অন্য দেশে বদলি হওয়া ছাড়া উপায় নেই। সে ক্ষেত্রে ভারতই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় গন্তব্য। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘রেস্ট অফ ওয়ার্ল্ড’-এর (Rest of World) এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইবিএমের নিজস্ব চাকরির পোর্টালে আমেরিকার বাইরে মোট ১,২৭৮টি কনসাল্টিং পদের বিজ্ঞপ্তি ছিল। এর মধ্যে ১,১২৫টি পদই ভারতের জন্য। এর তুলনায় সিঙ্গাপুরে মাত্র ২৩টি, ব্রিটেনে ১৮টি এবং আমেরিকায় ৮৯টি শূন্যপদ তালিকাভুক্ত ছিল।
তবে ভারতের অফিসে এত বিপুল সংখ্যক শূন্যপদ থাকলেও, কত জন কোপে পড়া কর্মীকে সত্যিই বিদেশে বদলির সুযোগ দেওয়া হবে এবং তাঁদের বর্তমান পদমর্যাদা ও বেতনকাঠামো বজায় থাকবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। যাঁরা বছরের পর বছর ধরে আমেরিকায় সংসার পেতেছেন, তাঁদের কাছে হঠাৎ দেশে ফিরে আসা মানে কেবল কর্মস্থলের বদল নয়। বেতন উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার পাশাপাশি পরিবার ও জীবনযাত্রার সমীকরণেও বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্পের কড়া নীতিতে কোণঠাসা ভারতীয়েরা
আইবিএমের এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এল, যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন ব্যবস্থার ওপর নজরদারি এবং কড়াকড়ি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকার এইচ-১বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনের জন্য ১ লক্ষ ডলার (প্রায় ৮৪ লক্ষ টাকা) ফি প্রস্তাব করেছে এবং বেশি বেতনের পদগুলিকে অগ্রাধিকার দিতে ভিসা বাছাইয়ের প্রক্রিয়াতেও বদল এনেছে।
শুধু তা-ই নয়, কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগে বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে ওয়াশিংটন। গত মাসেই মাইক্রোসফট (Microsoft), অ্যাডোবি (Adobe), কগনিজ্যান্ট (Cognizant), ইনফোসিস (Infosys) এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের (TCS) মতো প্রথম সারির সংস্থাগুলি ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ (PERM) কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়েছে, যা বিদেশি কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার অন্যতম প্রধান ধাপ। তার ওপর ভারতীয়দের জন্য গ্রিন কার্ডের দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার সারি আগে থেকেই উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
ভারতীয় পেশাদারদের জন্য কী বার্তা
আইবিএমের এই পদক্ষেপের ফলে আমেরিকায় কর্মরত ভারতীয় পেশাদারদের মধ্যে সংস্থা-নির্ভর ভিসার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। নিয়োগ-প্রযুক্তি সংস্থা ‘ইনক্রুইটার’-এর (InCruiter) প্রতিষ্ঠাতা ও সিইও অনিল আগরওয়ালের মতে, আইবিএমের সিদ্ধান্ত আসলে গোটা প্রযুক্তি ক্ষেত্রের বৃহত্তর পরিবর্তনেরই প্রতিফলন। গ্রাহকদের বদলে যাওয়া চাহিদা, শ্রমবাজার এবং ব্যবসার লক্ষ্যের সঙ্গে মানিয়ে নিতে সংস্থাগুলি এখন নিয়োগের কৌশল বদলাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভিসা-নির্ভর ভারতীয় কর্মীদের ওপর। তবে তাঁর পরামর্শ, কৃত্রিম মেধা (AI) এবং অটোমেশনের যুগে ভৌগোলিক অবস্থানের চেয়েও বেশি গুরুত্ব পাবে নতুন প্রযুক্তির দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং ব্যবসায়িক সমস্যা সমাধানের যোগ্যতা। সংস্থাগুলি নিয়োগের কেন্দ্র বদলালেও, বিশ্ব বাজারে সত্যিকারের দক্ষ কর্মীদের চাহিদা কখনওই কমবে না বলেই আশাবাদী তিনি।