সফটওয়্যারে ত্রুটির জেরে সোমবার সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেল আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মর্গ্যান চেজের পরিষেবা। অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে সরাসরি ব্যাঙ্কে গিয়ে লেনদেনেও সমস্যায় পড়েন গ্রাহকেরা। এর প্রভাব শুধু চেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো একাধিক প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরাও লেনদেনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন। হাজার হাজার গ্রাহকের অভিযোগের পর সোমবার সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে চেজ কর্তৃপক্ষ।
সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ চেজ ব্যাঙ্কের পরিষেবা নিয়ে প্রায় সাড়ে চার হাজার অভিযোগ জমা পড়ে। দুপুর ২টো নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭০০-র বেশি। এর মাত্র ২২ মিনিটের মধ্যে অভিযোগের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। গ্রাহকদের একাংশ জানান, নিজেদের অ্যাকাউন্টে ঢোকা, ব্যালান্স পরীক্ষা করা কিংবা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনও উপায় ছিল না। শুধু ডিজিটাল পরিষেবাই নয়, ব্যাঙ্কের শাখাগুলিতেও অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা জমা দেওয়া ও তোলার মতো সাধারণ কাজও ব্যাহত হয়।
আরও পড়ুন: ইউরোপে উৎসবের মরসুমে জঙ্গি হামলার আশঙ্কা! নাগরিকদের সতর্কবার্তা আমেরিকার
তবে এই বিপর্যয় নিয়ে সাইবার হামলা বা ক্লাউড পরিষেবার সমস্যার কথা নাকচ করেছে জেপি মর্গ্যান চেজ। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ব্যাঙ্কের নিজস্ব কম্পিউটার পরিকাঠামোয় সফটওয়্যার আপডেট করার সময় একটি ত্রুটি থেকে এই সমস্যা তৈরি হয়। ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছন, নিজস্ব হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যার বাগের কারণে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছিল। এর সঙ্গে কোনও সাইবার হামলার সম্পর্ক নেই। কিছু গ্রাহকের লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগলেও তাঁদের অ্যাকাউন্ট ও জমা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
চেজের পরিষেবা ব্যাহত হওয়ার পর ডাউনডিটেক্টরে অন্য কয়েকটি ব্যাঙ্কের গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ আসতে শুরু করে। ওয়েলস ফার্গো তাদের ওয়েবসাইটে অনলাইন ব্যাঙ্কিংয়ের সমস্যার কথা স্বীকার করে বিকল্প হিসেবে এটিএম, শাখা বা টেলিফোন ব্যাঙ্কিং ব্যবহারে পরামর্শ দেয়। ব্যাঙ্ক অফ আমেরিকা অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করনি। অন্য দিকে, ইউএস ব্যাঙ্ক জানায়, তাদের নিজস্ব প্রযুক্তিগত পরিকাঠামোয় কোনও সমস্যা হয়নি। তবে অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে‘জেল’-এর মাদ্যমে লেনদেন দেরি হতে পারে।
তবে সোমবারের ব্যাঙ্কিং বিভ্রাটকে বিচ্ছিন্ন ঘটনা হিসেব দেখতে নারাজ প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। কারণ, পর পর তিনটি কর্মদিবসে আমেরিকার গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে বড়সড় প্রযুক্তিগত গোলযোগ দেখা গিয়েছিল। গত বৃহস্পতিবার মাইক্রোসফটের আউটলুক, টিমস এবং কো-পাইলট পরিষেবায় বিভ্রাটের জেরে বিশ্বের ৭৪টি দেশে ও অঞ্চলে লক্ষ লক্ষ ব্যবহারকারী সমস্যায় পড়েন। কয়েক ঘণ্টা ধরে ইমেল-সহ একাধিক পরিষেবা ব্যাহত হয়। উইন্ডোজের ত্রুটি, অতিরিক্ত ট্র্যাফিক এবং পরিকাঠামোর ধারণক্ষমতার সীমাবদ্ধতাকে ওই সমস্যার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছিল মাইক্রোসফট।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=qzVMGxsHSelv28kF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>