হোয়াইট হাউস অনুষ্ঠানে গুলি, রাজনৈতিক হিংসা বাড়ছে বলে সতর্ক করলেন ইলন মাস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় নতুন করে রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানালেন শিল্পপতি ইলন মাস্ক। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করতেও তারা প্রস্তুত।’ তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ওয়াশিংটনের একটি নামী হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে হঠাৎই এক বন্দুকধারী নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার চেষ্টা করে। অভিযোগ, তার কাছে শটগান, পিস্তল-সহ একাধিক অস্ত্র ছিল। সে গুলি চালাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, রাজনীতিক ও অন্যান্য অতিথিদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অনেকেই আতঙ্কে টেবিলের নীচে আশ্রয় নেন।

এই ঘটনায় এক নিরাপত্তা আধিকারিক গুলিবিদ্ধ হন। তবে তাঁর পরিহিত বুলেট প্রতিরোধী জ্যাকেট বড় বিপদ থেকে রক্ষা করে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে একাই এই হামলা চালিয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


এই ঘটনার পর রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।