সাময়িকভাবে বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবা

নিজস্ব গ্রাফিক্স চিত্র

ড্রোনের আঘাতে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবা। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। তবে কিছুটা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সোমবার প্রশাসন জানায়, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের কাছে একটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে ড্রোন আঘাত হানার পরই আগুন ধরে যায়। ঘটনার পরপরই দমকল ও জরুরি পরিষেবার দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। দুবাই সিভিল ডিফেন্স দ্রুত পদক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের দাবি, আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বিমানবন্দরে সাময়িকভাবে সব উড়ান বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলিও এই ঘটনার জেরে যাত্রীদের সতর্ক করেছে। বহু উড়ান বাতিল বা বিলম্বিত হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে একটি উড়ান মাঝপথ থেকেই ফিরে আসে। তিরুবনন্তপুরম থেকে দুবাইগামী একটি উড়ান বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে মাঝপথ থেকে ঘুরে আবার তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার জেরে বিমানবন্দরের আশপাশের কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে ধাপে ধাপে আবার উড়ান পরিষেবা চালু করা হবে।