কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, মৃত ১৭, আহত বহু

Photo: BBC

পশ্চিম এশিয়ায় যুদ্ধ যেন থামছেই না। ফের ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাল রাশিয়া। বৃহস্পতিবার কিয়েভ ও সংলগ্ন এলাকায় রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ইউক্রেনের প্রশাসনের দাবি, রাতভর চলা এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী মলদোভা ও রোমানিয়াতেও। রোমানিয়ার অভিযোগ, রাশিয়া একটি বিস্ফোরক বোঝাই নৌ-ড্রোন তাদের উপকূলবর্তী প্রাকৃতিক গ্যাস প্রকল্পকে লক্ষ্য করে ছুঁড়েছে।

কিয়েভে রুশ হামলায় একটি স্কুল, প্রি-স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন ও একাধিক গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের ফলে শহরের বিভিন্ন প্রান্ত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বৃহস্পতিবার দিনের বেলাতেও একাধিকবার বিমান হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ২ জনকে জীবিত উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করে হামলা চালিয়েছে। তাঁর দাবি, রাশিয়ার লক্ষ্য ছিল মূলত বেসামরিক পরিকাঠামোয় যতটা সম্ভব ক্ষয়ক্ষতি করা। ইউক্রেনের দাবি, রাশিয়ার বিপুল সংখ্যক ড্রোনের বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হচ্ছে। কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুত প্রায় তলানিতে।


জেলেনস্কির কথায়, ২০২৫ সালের তুলনায় এ বছর ইউক্রেনের হাতে ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যা প্রায় আড়াই গুণ কম। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, কিয়েভ ও আশেপাশের এলাকায় সামরিক পরিকাঠামো, পরিবহণ ও লজিস্টিক কেন্দ্র ও গুদাম লক্ষ্য করে বড় আকারের হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে চিন-তুরস্কের সামরিক বিমানের আনাগোনা, নজর ভারতের 

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু জানিয়েছেন, একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে মলদোভা ভূখণ্ডে এসে পড়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রুশ ড্রোনটি ইউক্রেন সীমান্তের কাছে তুলচিয়া কাউন্টির একটি জনবসতিহীন এলাকায় ভেঙে পড়ে।