৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত! ট্রাম্প সরকারের নীতি বাতিল করল মার্কিন আদালত

Image: IANS

৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিত করার ট্রাম্প (Donal Trump) প্রশাসনের নীতিকে ‘আইনবহির্ভূত’ বলে খারিজ করল মার্কিন আদালত। শুক্রবার, ২১ আগস্ট, ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস (Jeannette Vargas) এই নির্দেশ দেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিচারক ভার্গস (Jeannette Vargas) জানিয়েছেন, ‘চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া এই নীতি আইনগত এক্তিয়ারের সীমা ছাড়িয়েছে’। তাঁর মতে, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে কোনও নির্দিষ্ট দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া মার্কিন অভিবাসন আইনের কাঠামোর সঙ্গে সরাসরি সংঘর্ষ করে।

জানুয়ারি মাসে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার কথা জানিয়েছিল ট্রাম্প সরকার (Donal Trump) । বিদেশসচিব রুবিয়ো (Marco Rubio) জানিয়েছিলেন, সংশ্লিষ্ট দেশের নাগরিকদের অনির্দিষ্ট কালের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। এর আগেই লক্ষাধিক ভিসা বাতিলের কথা জানিয়েছিল হোয়াইট হাউস।


আরও পড়ুন: চিনির জোগান বজায় রাখতে প্রায় এক দশক পর শুল্কমুক্ত আমদানি, ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি আনবে কেন্দ্র

কোন কোন দেশ ছিল তালিকায়?

এই তালিকায় ছিল লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে-সহ একাধিক দেশ। এছাড়াও বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া, ভারতের পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটান। রাশিয়া, ইরান, ইরাক, ইয়েমেন এবং আফ্রিকা, পশ্চিম এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন।

মার্কিন বিদেশ দপ্তরের যুক্তি ছিল, এই ৭৫টি দেশের আবেদনকারীদের একটি বড় অংশ ভবিষ্যতে মার্কিন সরকারের স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন সামাজিক পরিষেবার উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারেন। সেই আশঙ্কা থেকেই এই নীতি চালু করা হয়েছিল বলে খবর। তবে বিচারকের রায়ের বিষয়ে মার্কিন বিদেশ দপ্তর থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন:  স্কুল পরিদর্শনে ককরোচ নেতারা, রাজস্থানে হামলার অভিযোগ, মহারাষ্ট্রে ‘ভাড়া করা পড়ুয়া’ ঘিরে বিতর্ক

বিভিন্ন সংগঠনের মামলা

এই নীতির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল অভিবাসী অধিকার নিয়ে কাজ করা Catholic Legal Immigration Network এবং African Communities Together। তাঁদের সঙ্গে কয়েকজন ভিসা আবেদনকারী এবং তাঁদের মার্কিন নাগরিক স্পনসররাও মামলায় যুক্ত ছিলেন।

বিচারক জেনেট ভার্গাসকে (Jeannette Vargas) প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Baiden) নিয়োগ করেছিলেন। আদালতের এই রায় ট্রাম্প সরকারের (Donald Trump)  কঠোর অভিবাসন নীতির ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প (Donald Trump) প্রশাসনের দাবি, দেশের নিরাপত্তার খাতিরেই অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ি করা হয়েছে। অন্যদিকে অধিকার সংগঠনগুলির অভিযোগ, এই ধরনের নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে সংখ্যালঘু ও নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের পথ প্রশস্ত করছে।

দেখুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেঙে যাওয়া ফলক ফের লাগানো হল