‘আমাকে হত্যার চেষ্টা হলেই ইরানে হাজার ক্ষেপণাস্ত্র,’ ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ল উত্তেজনা 

Photo: Statesman

ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে তাহলে তার জবাব ভয়াবহ হবে। কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যমে তিনি দাবি করেছেন, ইরানের দিকে ইতিমধ্যেই এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা আছে। তাঁর কথায়, তাঁকে হত্যার চেষ্টা হলে মুহূর্তের মধ্যে ইরানের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু হবে। শুধু তাই নয়, ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য মার্কিন সেনাকে আগাম নির্দেশও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এক বছরের পরিকল্পনা তৈরি। প্রয়োজন হলে সেই সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, বহুদিন ধরেই তাঁকে হত্যার ছক কষছে ইরান। সেই কারণেই তিনি আগে থেকেই মার্কিন সামরিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছেন। তাঁর এই মন্তব্যের পর ফের প্রকাশ্যে ইরানকে কড়া বার্তা দিলেন তিনি।

এই হুঁশিয়ারির নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু হয়। খামেনির শেষকৃত্যে অংশ নেওয়া বহু মানুষ প্রকাশ্যে ট্রাম্পের মৃত্যুর দাবি তোলেন। পরে ইজরায়েলের একটি গোয়েন্দা রিপোর্টেও দাবি করা হয়, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। সেই রিপোর্ট সামনে আসার পর নিরাপত্তার কারণে বিদেশ সফর থেকে ফেরার সময় নিজের বিমানও বদলান ট্রাম্প। হোয়াইট হাউসও সেই সিদ্ধান্তের কথা স্বীকার করেছে।


এদিকে কয়েক সপ্তাহ আগেই আমেরিকার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষবিরতির জন্য একটি সমঝোতা হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পর সেই সমঝোতা কার্যত ভেঙে পড়ে। হামলার দায় নিয়ে দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে। ট্রাম্পও সম্প্রতি ঘোষণা করেছেন, যুদ্ধবিরতির কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে। যদিও কূটনৈতিক আলোচনার দরজা এখনও খোলা রয়েছে।