নারীদের হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টার (টিএসসি) এলাকা রাজু ভাস্কর্যের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই নারীর সঙ্গে থাকা দুই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, অভিযুক্তদের একজন বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন। ভিডিওতে নারীদের অভিযোগ করতে শোনা যায় যে, তাঁদের মারধর করা হয়েছে এবং পোশাক নিয়ে কটূক্তি করা হয়েছে।
অভিযোগকারী এক নারী বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁরা নিরাপদ নন এবং তাঁদের যৌনকর্মী বলে অপমান করা হয়েছে। অন্য এক নারী জানান, সেহরি খেয়ে টিএসসিতে আসার পর তাঁদের সঙ্গী রাইডারকে চড় মারা হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়ায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শাহরিয়ার ইসলাম তুষার ও রাকিব আহমেদ সোহানের নাম সামনে এসেছে। তাঁরা যথাক্রমে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারজন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে নারীদের সরাসরি লাঠি দিয়ে মারধরের স্পষ্ট প্রমাণ মেলেনি বলেও তিনি উল্লেখ করেন। তবে হুমকি দেওয়া এবং এক ব্যক্তিকে হেলমেট দিয়ে আঘাত করার দৃশ্য পাওয়া গিয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এই ঘটনা এমন সময়ে সামনে এল, যখন বাংলাদেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও জবাবদিহি জোরদারের দাবি তুলেছেন।