বারমুডা থেকে বোস্টনগামী মেডিক্যাল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

Photo-SNS

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যান্টাকেটের দক্ষিণে আন্টলান্টিক মহাসাগরে একটি ধবংসাবশেষের সন্ধান মিলেছে। মার্কিন কোস্ট গার্ডের দাবি, এটি বারমুডা থেকে বোস্টনগামী একটি মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্সের ধ্বংসাবশেষ। বিমানটিতে দুজন পাইলট, দুজন চিকিৎসাকর্মী, একজন রোগী ও তাঁর পরিবারের একজন সদস্য-সহ মোট ৬ জন ছিলেন।

কানাডাভিত্তিক সংস্থা ল্যাটিটিউড এয়্যার অ্যাম্বুল্যান্স (Latitude Air Ambulance)-এর পরিচালিত গাল্ফস্ট্রিম জি১০০ (Gulfstream G100) বিমানটি শুক্রবার রাতে বারমুডার এল.এফ.ওয়েড আন্তজার্তিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে রওনা হয়। জানা গিয়েছে, চিকিৎসার জন্য রোগীকে বোস্টনে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল সি-জিআরজেপি (C-GRJP)।

বিমানটি ম্যাসাচুসেটসের উপকূলের কাছে পৌঁছনোর সময়ে পাইলট গুরুতর যান্ত্রিক সমস্যার কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। বিমানটি তখন প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এরপর মাত্র ২ মিনিটের মধ্যে প্রায় ১৩ হাজার ফুট নীচে নেমে আসে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গিয়েছে।


এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগের সময় পাইলট বিমানটির বৈদ্যুতিক সমস্যার কথা জানান। কন্ট্রোলার জানতে চান তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে চান কি না। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে বিমানটি রাডার থেকেও অদৃশ্য হয়ে যায়। সেই সময় বিমানটির গতিপথের সামনে ঝড়ের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে কর্তারা জানিয়েছেন।

বিমানটি নিখোঁজ হওয়ার পরেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-এর সতর্কবার্তার ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে মার্কিন কোস্ট গার্ড। অভিযানে বিমান, হেলিকপ্টার ও একাধিক উদ্ধারকারী নৌযান ব্যবহার করা হয়। রবিবার সকাল পর্যন্ত বিমানে থাকা ৬ জনের কী পরিস্থিতি তা জানা যায়নি। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।