জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এনভিডিয়ারের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন কোয়েলেট ক্রেস। বৃহস্পতিবারই এই কথা জানায় সংস্থার পরিচালন পর্ষদ। স্থায়ী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সিইওর দায়িত্ব সামলাবেন ক্রেস।
পাশাপাশি সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও কাজ চালাবেন তিনি। এ দিকে হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার প্রাক-বাজার লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশেরও নীচে নেমে যায়।
প্রযুক্তি দুনিয়ার অন্যতম সংস্থার দায়িত্ব এখন এমন এক মহিলার হাতে, যিনি বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। কে এই কোয়েলেট ক্রেস? কীভাবে হল তাঁর উত্থান? আর হুয়াংয়ের বিদায়ের পর তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
আচমকাই দায়িত্ব হস্তান্তর
বৃহস্পতিবার বিবৃতি দিয়ে নেতৃত্ব বদলের কথা জানায় এনভিডিয়া। ৬৩ বছর বয়সি হুয়াং গত ৩৩ বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আর সংস্থার কোনও কার্যনির্বাহী পদে থাকবেন না। পরিচালন পর্ষদের সদস্যপদও ছেড়েছেন। পাশাপাশি হার্ভে সি জোন্সকে পরিচালন পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।
তবে হুয়াং কেন পদত্যাগ করলেন, সে বিষয়ে সংস্থার বিবৃতিতে কোনও কারণ উল্লেখ করা হয়নি। এর আগে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যদিও পদত্যাগের সঙ্গে সেই বিতর্কের সরাসরি কোনও যোগ রয়েছে বলে জানায়নি এনভিডিয়া।
সংস্থা জানিয়েছে, স্থায়ী সিইও নির্বাচনের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাইরের—দু’ধরনের প্রার্থীকেই বিবেচনা করা হবে। ফলে আপাতত দায়িত্ব সামলালেও স্থায়ী ভাবে এই পদে ক্রেসকে নিয়োগ করা হয়নি।
কে এই কোয়েলেট ক্রেস?
কোয়েলেট ক্রেস আমেরিকার একজন অভিজ্ঞ অর্থনৈতিক ও কর্পোরেট আধিকারিক। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে এনভিডিয়ার সিএফও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অর্থাৎ, এক দশকেরও বেশি সময় ধরে সংস্থার আর্থিক দিকটি তিনি দেখছেন।
এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন প্রথম সারির প্রযুক্তি সংস্থায় অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ক্রেস। সেই তালিকায় রয়েছে মাইক্রোসফট, সিসকো এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টস।
এনভিডিয়ার আগে কোথায় ছিলেন তিনি?
প্রায় ১৩ বছর মাইক্রোসফটে কাজ করেছেন তিনি। ২০০৬ সালে সংস্থার সার্ভার অ্যান্ড টুলস বিভাগের সিএফও হন। টানা চার বছর ওই দায়িত্ব সামলান।এর পর ২০১০ সালে সিসকোয় যোগ দেন। সেখানে বিজনেস টেকনোলজি অ্যান্ড অপারেশনস ফিনান্স বিভাগের সিএফও হিসেবে কাজ করেন। তারও আগে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে বিভিন্ন অর্থনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
সার্ভার, নেটওয়ার্ক এবং বিজনেস সফ্টওয়্যারের মতো ক্ষেত্রগুলির সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। বর্তমানে এনভিডিয়ার ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেটা সেন্টার প্রযুক্তি। ফলে এআই চিপের বাজারে বড় সংস্থাগুলির চাহিদা এবং কেনাকাটার ধরন সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এনভিডিয়ায় ক্রেসের দীর্ঘ যাত্রা
২০১৩ সালে ক্রেস যখন এনভিডিয়ায় যোগ দেন, তখন মূলত গেমিং চিপ প্রস্তুতকারক সংস্থা হিসেবেই পরিচিত ছিল এনভিডিয়া। কিন্তু গত এক দশকে সংস্থার ব্যবসায় আমূল পরিবর্তন এসেছে। এআই প্রযুক্তির উত্থানের সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত হয়েছে এনভিডিয়া।
২০২২ সালে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৪০০ বিলিয়ন ডলারেরও কম। ২০২৪ সালে তা ৩ লক্ষ কোটি ডলারের গণ্ডি পেরিয়ে যায়। এই বিপুল উত্থানের সময় সংস্থার আর্থিক দিক সামলানোর গুরু দায়িত্বে ছিলেন ক্রেস। আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ আর্থিক পূর্বাভাস এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব ছিল তাঁর উপর। হুয়াংয়ের পর বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের কাছে এনভিডিয়ার সবচেয়ে পরিচিত মুখগুলির অন্যতম হয়ে উঠেছেন ক্রেস।
সম্মান, স্বীকৃতি এবং বিপুল সম্পত্তি
কর্মজীবনে একাধিক সম্মান পেয়েছেন ক্রেস। ২০১৬ সালে তাঁকে ‘সিএফও অফ দ্য ইয়ার’ সম্মান দেয় সিলিকন ভ্যালি বিজনেস জার্নাল। গত তিন বছর ধরে ফর্চুন ম্যাগাজিনের ‘মোস্ট পাওয়ারফুল উইমেন’ তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৬ সালের তালিকায় তাঁর স্থান ৪৯ নম্বরে। এআই এবং অ্যাক্সিলারেটেড কম্পিউটিংয়ের ক্ষেত্রে এনভিডিয়ার অবস্থান শক্তিশালী করতে তাঁর কৌশলগত ভূমিকার কথা উল্লেখ করেছে সংস্থাটি।
এনভিডিয়ার শেয়ারের সঙ্গেই জড়িয়ে রয়েছে ক্রেসের ব্যক্তিগত সম্পত্তির বড় অংশ। ২০২৫ সালের অক্টোবর মাসে শেয়ারের দাম ২০০ ডলারের গণ্ডি পেরোনোর পর তাঁকে এনভিডিয়ার বিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করে ফোর্বস। সংস্থার প্রক্সি ফাইলিং অনুযায়ী, ২০২৬ সালের ২৩ মার্চ পর্যন্ত ক্রেসের হাতে প্রায় ৪৪.৪৪ লক্ষ এনভিডিয়া শেয়ার ছিল।
দায়িত্ব নেওয়ার পর কী বললেন ক্রেস?
অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, এনভিডিয়ার শক্তির মূল উৎস সংস্থার কর্মীরাই। গত ৩৩ বছরে হুয়াং যে ভিত তৈরি করেছেন, তার উপর দাঁড়িয়েই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ক্রেস আরও জানিয়েছেন, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, ডেভেলপার এবং শেয়ারহোল্ডারদের স্বার্থই সংস্থার অগ্রাধিকারে থাকবে।
অন্য দিকে, পরিচালন পর্ষদের চেয়ারম্যান জোন্সের বক্তব্য, সংস্থার ব্যবসা, গ্রাহক, পরিচালন ব্যবস্থা এবং আর্থিক পরিস্থিতি সম্পর্কে ক্রেসের গভীর ধারণা রয়েছে। কর্মীদের কাছেও তিনি জানিয়েছেন, এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে তাঁর যথেষ্ট আস্থা রয়েছে।
সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে?
অন্তর্বর্তী সিইও হিসেবে ক্রেসের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। প্রথমত, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। দ্বিতীয়ত, এআই প্রযুক্তির বাজারে এনভিডিয়ার ব্যবসায়িক পরিকল্পনা এবং নতুন প্রযুক্তি আনার সময়সূচি যে অপরিবর্তিত রয়েছে, তা নিশ্চিত করা।
সবচেয়ে বড় বিষয়, তাঁকে একই সঙ্গে দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে। এক দিকে সিইও হিসেবে সংস্থার কৌশল, কর্মী এবং সামগ্রিক পরিচালন ব্যবস্থার দায়িত্ব। অন্য দিকে সিএফও হিসেবে আর্থিক হিসাব, ভবিষ্যৎ আয়-ব্যয়ের পূর্বাভাস এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের দায়িত্বও তাঁরই।
সময়ও খুব বেশি নেই। আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার, ২০২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে এনভিডিয়া। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ফলাফল প্রকাশের কথা। তার পর দুপুর ২টোয় শুরু হবে কনফারেন্স কল। নেতৃত্ব বদলের আগেই এই দিনক্ষণ স্থির করা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই ফলাফল প্রকাশ করা হবে।
নতুন দায়িত্বে এই কনফারেন্স কলই হতে চলেছে ক্রেসের প্রথম বড় পরীক্ষা। বিনিয়োগকারীরা জানতে চাইবেন, ডেটা সেন্টারের চিপের চাহিদা কেমন রয়েছে এবং আগামী দিনে সংস্থার ব্যবসার গতিপথ কী হতে চলেছে। পাশাপাশি স্থায়ী সিইও নির্বাচনের প্রক্রিয়া কত দূর এগোল, সে দিকেও নজর থাকবে।
এখন নজর কোন দিকে?
এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে এখনও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর অধরা। অন্তর্বর্তীকালীন সময়সীমা কত দিন চলবে? স্থায়ী সিইও হিসেবে কি বাইরের কাউকে বেছে নেবে বোর্ড, নাকি ক্রেস কিংবা সংস্থার অন্য কোনও অভিজ্ঞ আধিকারিকের উপরেই ভরসা রাখা হবে? নেতৃত্ব বদলের প্রভাব পড়বে কি অন্য শীর্ষ আধিকারিকদের দায়িত্বেও?
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=KXU_QeJGh819gJB8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>