বিমান পরিবহনে জ্বালানির বিকল্প খুঁজতে বড় পদক্ষেপ চিনের। দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান সিই-২৫এ প্রথমবার চালক-সহ পরীক্ষামূলক উড়ান করল। শনিবার পূর্ব চিনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই উড়ান হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় উড়ান সফল হয়েছিল। এ বার চালক-সহ উড়ান সম্পন্ন করল চিন। বিমানের উন্নয়নের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হল।
চিনের কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান এটি। নতুন শক্তিনির্ভর বিমান পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তিগত সম্ভাবনার নতুন পথ খুলে দিল। প্রচলিত বাণিজ্যিক বিমানের মতো এতে বড় টার্বোফ্যান ইঞ্জিন নেই। পরিবর্তে, বিমানের ডানার উপরে সারিবদ্ধভাবে বসানো হয়েছে ১০টি বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান। শনিবারের পরীক্ষমূলক উড়ানে এই বিশেষ প্রপালশন ব্যবস্থা যে যথেষ্ট শক্তিশালী তার প্রমাণ মিলেছে।
উড়ানের সময় বিমানে ছিলেন দু’জন পাইলট এবং এক জন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। মোট ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চলে বিমান নিয়ে পরীক্ষা চলে। এর মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে বিমানটি। এই সময়ে মোট ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে। পরীক্ষার সময় বিমানের সমস্ত ব্যবস্থা স্বাভাবিক ছিল বলে খবর।
সিই-২৫এ বিমানে মোট ১৯টি আসন রয়েছে। এর সর্বোচ্চ ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে বিমানটি। এর ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং একবার সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে।
মূলত স্বল্প দূরত্বের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিমানটি। বিশেষ করে ২০০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ঘন ঘন যাতায়াতের চাহিদা মেটাতে এটি ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে সড়ক, রেল ও বিমান পরিবহনের মধ্যে সমন্বয় আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
শুধু বৈদ্যুতিক প্রযুক্তি নয়, বিমানটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও। বিশেষজ্ঞরা দাবি করেছেন, ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত সিই-২৫এ-র ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড়ানের পরীক্ষা হয়েছে। এবার চালক-সহ উড়ান হলেও সেটিও ছিল ‘স্মার্ট ফ্লাইট’। অর্থাৎ বিমান নিয়ন্ত্রণে উন্নত স্বয়ংক্রিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও বিমানের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা। সিই-২৫এ-র নামের ‘২৫’ সংখ্যাটি চিনের সিসিএআর-২৫ বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা ও উড়ানযোগ্যতার নিয়মের সঙ্গে সম্পর্কিত। এই নিয়ম পরিবহন বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তার মান বজায় রাখা হয়, এই বিমান তৈরির ক্ষেত্রেও একই মানদণ্ড অনুসরণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিমান পরিবহন শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য পরিবেশবান্ধব বিমান প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে বিমান শিল্পের প্রযুক্তিগত পরিবর্তন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা নিতে পারে।