পশ্চিম এশিয়ার দেশগুলিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করল সিবিএসই

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের প্রভাব এবার পড়ল শিক্ষাক্ষেত্রেও। আমেরিকা, ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাতের জেরে দ্বাদশ শ্রেণির বাকি সব পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল সিবিএসই।

রবিবার বোর্ডের তরফে জানানো হয়েছে, বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত সমস্ত পরীক্ষা আর  হবে না। নিরাপত্তাজনিত পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।

সিবিএসই-র তরফে আরও জানানো হয়েছে, এর আগে যে সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, সেগুলিও আর নেওয়া হবে না। অর্থাৎ ওই দেশগুলিতে দ্বাদশ শ্রেণির বাকি থাকা সমস্ত পরীক্ষাই বাতিল করা হয়েছে। প্রভাবিত দেশগুলির স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য, পরিস্থিতি বিবেচনা এবং বিভিন্ন অনুরোধ খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছে বোর্ড।


তবে পরীক্ষাগুলি বাতিল হলেও পড়ুয়াদের ফলাফল কীভাবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড জানিয়েছে, বিকল্প মূল্যায়ন পদ্ধতি বা অন্যান্য উপায়ের মাধ্যমে ফল প্রকাশের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বর্তমানে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ১৫০-রও বেশি সিবিএসই  অনুমোদিত স্কুল রয়েছে। ফলে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে হাজার হাজার ভারতীয় পড়ুয়ার উপর।

উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কয়েকটি বিষয়ের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। এর মধ্যে শারীরশিক্ষা, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টেন্সি, ভূগোল এবং রসায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মার্চের শুরুতেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় ১ মার্চ প্রথম বিজ্ঞপ্তি জারি করে বোর্ড বাকি পরীক্ষাগুলি স্থগিত করার ঘোষণা করা হয়।

এর আগে, ৫ মার্চ ওই একই দেশগুলিতে দশম শ্রেণির বাকি পরীক্ষাগুলিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল সিবিএসই। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষাগুলিও বাতিল করার পথেই হাঁটল বোর্ড।