কিছু দিন আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতার কথা প্রকাশিত হয়েছিল। এর পর হোয়াইট হাউস বাণিজ্যচুক্তি নিয়ে একটি ফ্যাক্ট শিট প্রকাশ করে। তাতে চুক্তির বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করে ওয়াশিংটন। এবার সেই ফ্যাক্ট শিটের বেশ কিছু শব্দ ও শর্ত সংশোধন করা হয়েছে বলে খবর।
এই পরিবর্তন দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। যা, সমঝোতার পাল্লাকে কিছুটা ভারতের দিকেই হেলিয়ে রাখল বলেই অনেকের মত। তাৎপর্যপূর্ণ ভাবে, এই পরিবর্তনের বিষয়ে আলাদা ভাবে কোনও ঘোষণা করেনি আমেরিকা। পূর্বের প্রকাশিত ‘ফ্যাক্ট শিট’-এর মধ্যেই এই সংশোধনগুলি করা হয়েছে।
আমেরিকা থেকে ভারতের ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কেনার কথা দু’দেশের বাণিজ্য সমঝোতাপত্রে রয়েছে। আগে ফ্যাক্ট শিটে বলা হয়েছিল ভারত ওই পণ্য কিনতে‘প্রতিশ্রুতিবদ্ধ’। তা সংশোধন করে হয়েছে। তাতে বলা হয়েছে ভারত ওই পণ্য কিনতে ‘আগ্রহী’ । এই সংশোধন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতায় ভারত প্রসঙ্গে আমেরিকার সুর কিছুটা নরম করেছে বলেই মনে করছেন অনেকে।
প্রাথমিক ভাবে ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের তালিকায় শক্তি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, কয়লার সঙ্গে কৃষিজ পণ্যের কথাও উল্লেখ ছিল। সংশোধিত ‘ফ্যাক্ট শিট’-এ ওই অংশ থেকে কৃষিজ পণ্যের কথা বাদ দেওয়া হয়েছে। যদিও কৃষিজ পণ্যের কথা পৃথক ভাবে অন্য একটি অংশে উল্লেখ রয়েছে।
আগের খসড়া চুক্তিপত্রে উল্লেখ ছিল ভারত মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করবে বা শুল্ক কমাবে। এই তালিকায় ছিল ড্রাইড ডিস্টিলার্স গ্রেইনস, রেড সরগাম, ট্রি নাটস, তাজা ও প্রক্রিয়াজাত ফল, নির্দিষ্ট ডাল, সয়াবিন তেল, ওয়াইন ও স্পিরিটস। তবে সংশোধিত সংস্করণে নির্দিষ্ট ডালের উল্লেখ নেই।
ডিজিটাল পরিষেবা করের বিষয়েও পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ভাবে ‘ফ্যাক্ট শিট’-এ আমেরিকা বলেছিল, “ভারত ডিজিটাল পরিষেবা কর ‘প্রত্যাহার’ করবে। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য এবং অন্য ঝঞ্ঝাটের বিষয়গুলি দূর করে একটি দ্বিপাক্ষিক ডিজিটাল বাণিজ্যবিধি তৈরি করতে ভারত আলোচনায় বসবে।”
হোয়াইট হাউসের সংশোধিত ‘ফ্যাক্ট শিট’ থেকে ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহারের বিষয়টি মুছে ফেলা হয়েছে। পরিবর্তে শুধু উল্লেখ রয়েছে, “দ্বিপাক্ষিক ডিজিটাল বাণিজ্যবিধি নিয়ে আলোচনা করবে ভারত।”