ইউরোপের একাধিক দেশে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। ইটালি, বুলগেরিয়া ও বেলজিয়ামগামী বিমানগুলির ক্ষেত্রে বোমাতঙ্কের সর্তকবার্তা জারি হয়েছে। তবে ইউরোপের সবকয়েকটি বিমানবন্দরে সতর্কবার্তা জারি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার অন্তত সাতটি উড়ান এবং একটি প্রমোদতরীতে হুমকি ফোন ও ইমেল আসে। তারপরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
বেলজিয়ামের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোলিশ বিমান সংস্থা ‘এলওটি’-র একটি বিমানকে ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। আইরিশ বিমানসংস্থাটি জানিয়েছে, ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাস ফ্লাইট ইআই৪০২-কে প্যারিসের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এভরেক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হেলসিংকি থেকে আসা ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইটালীয় বিমান বাহিনী এসকর্ট করে নিয়ে আসে। পরে সেটি রোমে নিরাপদে অবতরণ করে। সম্প্রচারমাধ্যম বিটিভি-র তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা বিমানগুলি সোফিয়ায় অবতরণ করেছে।
স্থানীয় গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের থেকে আসা একটি বিমান প্লোভদিভে জরুরি অবতরণ করেছে। কারা হুমকি দিয়েছে তা নিয়ে কোনও দেশই কিছু জানায়নি। বুলগেরিয়া প্রশাসন জানিয়েছে, বোমা হামলার হুমকির পর তিনটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে।