পাকিস্তানে আয়োজিত আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরানকে কটাক্ষ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। । তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযান ইতিমধ্যেই সফল হয়েছে। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে তেহরান, মত ইজরায়েলের।
নেতানিয়াহু বলেন, অভিযান এখনও শেষ না হলেও ফলাফল স্পষ্ট। তাঁর মতে, ইরান দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক শক্তিকে ব্যবহার করে ইজরায়েলকে চারদিক থেকে চাপে রাখার চেষ্টা করছিল। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লা, সিরিয়ায় বাশার আল-আসাদের শাসন, ইয়েমেনে হুতি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলির মাধ্যমে ইরান আসলে ইজরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে চেয়েছিল বলে দাবি করেন নেতানিয়াহু।। তবে এখন পরিস্থিতি উল্টে গেছে এবং ইরানই চাপে রয়েছে বলে তাঁর দাবি। তাঁর কথায় ‘ওরা আমাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল। এখন নিজেরাই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে।’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন। পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন। কিন্তু দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বৈঠকেও কোনও সমঝোতা হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরান তাঁদের প্রস্তাব মেনে নেয়নি, ফলে তাঁকে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছ থেকে পরমাণু অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা চেয়েছিল। তবে এই শর্তসহ আরও কিছু বিষয়ে মতবিরোধ থেকেই যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমেরিকার অযৌক্তিক দাবির কারণেই আলোচনা ভেস্তে গিয়েছে এবং তারা আর আলোচনায় বসতে আগ্রহী নয়। এর মধ্যেই নেতানিয়াহু কটাক্ষ করলেন তেহরানকে।
পাকিস্তান ছাড়ার আগে জেডি ভান্স জানিয়েছেন, ইরানকে তাঁরা সেরা প্রস্তাবটি দিয়েছে। তেহরান যাতে পরমাণু বোমা তৈরি না করে সেই নিশ্চয়তা চায় ওয়াশিংটন। এ ছাড়াও একাধিক বিষয়েও মতবিরোধ হয়েছে দুই দেশের মধ্যে। তবে ইরান আগামী দিনে প্রস্তাব গ্রহণ করবে বলে ভান্স আশাবাদী। যদিও তেহরানের তরফে তেমন কোনও আশার ইঙ্গিত মেলেনি।