দিল্লিতে ঢোকেননি বাংলাদেশের প্রতিনিধি জাহেদ, বললেন ‘এটা ছিল প্রতিবাদ’

দিল্লির বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে থাকার পরেও ভারতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে যান। কেন ফিরে গেলেন তার কারণও ব্যাখ্যা করলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, এটি ছিল একটি ‘প্রতিবাদী সিদ্ধান্ত’।

বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে জাহেদ বলেন, তিনি কোনও ব্যক্তিগত সফরে নয়, সরকারি প্রতিনিধি হিসেবেই ভারতে পৌঁছেছিলেন। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ-র বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁকে। এই ঘটনায় তিনি বেশ অসন্তুষ্ট হন। প্রায় আড়াই ঘণ্টা পরে প্রবেশের অনুমতি মিললেও তিনি আর ভারতে ঢোকেননি।

জাহেদের বক্তব্য, এই ঘটনার মাধ্যমে তিনি বার্তা দিতে চেয়েছেন যে বর্তমান বাংলাদেশ সরকার নিজেদের মর্যাদা ও অবস্থান সম্পর্কে সচেতন। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানো তাঁর উদ্দেশ্য নয়। বরং ভবিষ্যতে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ পেলে তিনি আবার ভারতে যেতে প্রস্তুত।


তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে।