স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষার অঙ্গীকার আওয়ামী লিগের, গণতন্ত্র রক্ষায় জোর

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল আওয়ামী লিগ। ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দলটির তরফে জানানো হয়েছে, গণতন্ত্র, ন্যায়বিচার এবং অর্থনৈতিক মুক্তির পথেই এগিয়ে যাবে দেশ।

২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই শুরু হয়েছিল। তার আগে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলায় অসংখ্য নিরস্ত্র মানুষের প্রাণহানি ঘটে, যা ইতিহাসে গণহত্যা হিসেবে পরিচিত।

এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লিগ জানিয়েছে, তাঁর নেতৃত্বেই দেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়। দলটির বক্তব্য, ‘২৫ মার্চের ভয়াবহ রাতের পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধের আগুন জ্বলে ওঠে।’


আওয়ামী লিগ আরও জানিয়েছে, স্বাধীনতার পর লড়াই থেমে থাকেনি। দেশের প্রকৃত উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার উপর জোর দিয়েছে দলটি।

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে আওয়ামী লিগের দাবি, কিছু অশান্তি ও হামলার ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হেনেছে। জাতীয় প্রতীক ও স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

দলটি আরও অভিযোগ করেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের আদর্শ যথাযথভাবে রক্ষা করা হচ্ছে না। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও স্বাধীনতার মূল চেতনা রক্ষার আহ্বান জানিয়েছে আওয়ামী লিগ।

সবশেষে দলটির বার্তা, বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র ভৌগোলিক নয়, এটি একটি আদর্শ। সেই আদর্শ রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে সমানভাবে শক্তিশালী করতে হবে।