পাসপোর্ট দিতে চাইছে না বাংলাদেশ সরকার। বরং প্রত্যর্পণের দাবিতেই অনড় তারেক রহমানের সরকার। সেই মতো শুরু থেকে ঘুঁটি সাজাচ্ছে ঢাকা বলে অভিযোগ আওয়ামি লীগ। কারণ পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে হাসিনার পক্ষ থেকে দ্বিতীয়বার আবেদনের খবর সামনে আসতেই সরব হয়েছে আওয়ামি লীগ নেতৃত্বের একাংশ। তাঁদের বক্তব্য, হাসিনার দেশে ফেরার পথে ভারত বাধা দিচ্ছে না। বরং কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তার আগে পদ্মাপারের নানা প্রান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। তারেক সরকারের দাবি, হাসিনার দল আওয়ামি লীগের ছাত্র ও শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে এই অশান্তির নেপথ্যে।
এদিকে গত ৯ নভেম্বর লন্ডনে অবস্থিত আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে পাসপোর্টের আবেদন জানিয়েছিল। সেখানে শেখ হাসিনার অনুমোদন সংক্রান্ত নথি না থাকায় প্রশ্ন তোলে বাংলাদেশ কর্তৃপক্ষ। তারপর বৃহস্পতিবার ১৯ নভেম্বর তাঁর স্বাক্ষরিত অনুমতিপত্র-সহ দ্বিতীয়বার আবেদন জমা দেওয়া হয়। কিন্তু ইতিবাচক সাড়া মেলেনি। কিন্তু তার আগেই বাংলাদেশের একাধিক জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই অশান্তিতে ইন্ধনের জন্য সরাসরি হাসিনার দিকে আঙুল তুললেন বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব রাহুল কবির রিজভী। তিনি দাবি করেন, দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নতুন আন্দোলন গড়ে তুলতে চান হাসিনা। তার জন্য ‘লাশ’ প্রয়োজন তাঁর। তাই এত অশান্তি হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ হিংসার জেরে সিলেটে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীরের বাড়িতে আগুন লাগানো হয়েছে। নোয়াখালির চৌমুহনীতে নিষিদ্ধ যুব লীগ এবং ছাত্র লীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাঙ্কে হামলা করা হয়েছে। গোপালগঞ্জ, সিলেট, লক্ষ্মীপুর, গাজিপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৩ জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। যশোরে একটি অনুষ্ঠানে গিয়ে রাহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রবিরোধী মানুষটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে এখন অন্য জায়গা থেকে সন্ত্রাসে মদত দিচ্ছেন। তাঁদের টাকার অভাব নেই। ফ্যাসিস্টের দোসররা ওই অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসবাদীদের দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছেন। গণতান্ত্রিক সংগ্রামে যোগ দিয়েছিলেন যাঁরা তাঁদের বাড়িতেও আগুন লাগানো হচ্ছে। এই অশান্তিতে দেশের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে। পুলিশ-প্রশাসনের ভিতরেও গণতন্ত্রবিরোধী শক্তি লুকিয়ে আছে।’
তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল থেকে ঢাকা-সহ একাধিক জেলায় সীমান্তরক্ষী বাহিনী নামিয়েছেন তারেক রহমানের সরকার। মোট আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ঢাকা, ঢাকা মহানগর ছাড়াও আছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার।