দিল্লিতে বাধার মুখে বাংলাদেশ সরকারের উপদেষ্টা

Image: IANS

দিল্লিতে এসে বাধার মুখে পড়ার অভিযোগ বাংলাদেশ সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। পরে প্রবেশের অনুমতি মিললেও তিনি আর দিল্লিতে থাকেননি। শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে যান।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার কারণ ও পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দিল্লিতে ১৫ ও ১৬ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮ তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতের বিদেশ মন্ত্রকের আয়োজনে হওয়া এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাহেদ উর রহমান দিল্লিতে এসেছিলেন।


ঢাকার বিদেশ মন্ত্রকের এক কর্মকর্তার কথা অনুযায়ী, জাহেদের সফরসূচি ও তাঁর বৈঠকে অংশগ্রহণের বিষয়টি শুক্রবারই কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল। পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ও সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তা সত্ত্বেও বিমানবন্দরে কেন এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় কর্তৃপক্ষও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

জাহেদ উর রহমান বর্তমানে বাংলাদেশের তথ্য, সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রকের উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর অভিবাসন কর্তৃপক্ষ প্রথমে তাঁকে প্রবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ। পরে ঊর্ধ্বতন পর্যায় থেকে অনুমোদন এলে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তবে দীর্ঘ সময় অপেক্ষার কারণে তিনি আইওআরএ বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং দেশে ফিরে যান। অভিযোগ অনুযায়ী, তাঁকে আটকে রাখার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের মাথায় নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিএনপি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে বাংলাদেশের নতুন সরকার দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির প্রচেষ্টা শুরু করে। বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এই ধরনের ঘটনা প্রথমবার ঘটল বলেই মনে করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি জানান, বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।