ফের রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল বাংলাদেশে। কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন আওয়ামি লিগের এক নেতা। আহত নেতা শফিকুল ইসলাম আজম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আমলা ইউনিয়নের সদরপুর বাজার এলাকায় নিজের ব্যবসার জায়গায় ছিলেন শফিকুল ইসলাম আজম। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কাছ থেকে গুলি চালায়। এরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, তাঁর ডান চোখ, বাঁ চোয়াল এবং পেটের উপরের অংশে গুলি লেগেছে। পেটের আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এখন তাঁর অবস্থা খুবই সংকটজনক।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ সামনে আসছে। দলটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের আক্রমণ ও দমনপীড়ন চালানো হচ্ছে। এর আগে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় এক আওয়ামি লিগ নেতার মৃত্যুর ঘটনাও সামনে আসে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আর এই অবস্থায় আক্রান্ত নেতার শারীরিক অবস্থার উন্নতি এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত— এই দুই দিকেই এখন নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের। এই ধরনের ধারাবাহিক ঘটনার জেরে দেশে মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।