পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে একটি শিশুরও। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)। সোমবার আফগানিস্তান সীমান্তলাগোয়া বাজাউর জেলায় একটি পুলিশচৌকিকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে জঙ্গিরা পুলিশচৌকিতে ঢুকে পড়ে। এর পরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে কয়েক জন জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার খাইবার পাখতুনখোয়ার আরও একটি পুলিশচৌকিতে বিস্ফোরণ ঘটে। একটি মোটরসাইকেলে রাখা বোমা ফেটে দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং অন্তত ১৭ জন আহত হন। সংবাদসংস্থাকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাজাউর জেলার একটি কলেজে কয়েক দিন আগে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সোমবারের হামলার কায়দার সঙ্গে সেই ঘটনার মিল রয়েছে। দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।