ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ পানামা। সোমবার দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলমিটার গভীরে।
জরুরি পরিষেবা বিভাগের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই বিপর্যয়ে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন। প্রায় ৯০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনও শেষ হয়নি। ফলে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকেরা।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিহ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ। ওই অঞ্চলগুলিতে বাড়িঘর ও বিভিন্ন পরিকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আনতে মূল্যায়নের কাজ চলছে।
এর আগে গত শুক্রবার পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। ওই ভূমিকম্পে দেশের মধ্যাঞ্চলীয় একাধিক প্রদেশে শত শত বাড়ি ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির বিবেচনা করে সপ্তাহান্তে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।
আরও পড়ুন: প্রবাসে বাংলার দুর্গাপুজোর আমেজ, লন্ডন শারদ উৎসবে এবার আকাশবাণীর শতবর্ষ উদযাপন
শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে পানামায় ৩০০-রও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই সোমবার নতুন করে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা। ক্রমাগত আফটারশক ও নতুন করে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় পানামার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উদ্ধার ও মূল্যায়নের কাজ চলছে।