ইউরোপের পর এবার ভয়াবহ গরমে নাজেহাল আমেরিকা। দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক গরমের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শনিবার ৪ জুলাই স্বাধীনতার ২৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একাধিক সরকারি অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে হয়েছে।
একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপক ব্যবহারে বিদ্যুৎ গ্রিডের উপরও ব্যাপক চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি বাসিন্দা তাপপ্রবাহের আওতায় রয়েছেন। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে একাধিক জায়গায় গ্রিডে সমস্যা দেখা দিয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কও এই সঙ্কটের আওতায় রয়েছে।
১৭৭৬ সালের ৪ জুলাই গ্রেট ব্রিটেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছিল আমেরিকার ১৩টি উপনিবেশ। টমাস জেফারসনের মূল খসড়ায় এবং কন্টিনেন্টাল কংগ্রস কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রে ঐতিহাসিক দিনের পূর্তি উপলক্ষে দেশজুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট আলোচনা সভা ও আতশবাজির আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রবল তাপপ্রবাহ এবং বিদ্যুৎ সঙ্কটের কারণে মধ্য ও পূর্বাঞ্চলের বহু শহরে সেই কর্মসূচির বড় অংশ বাতিল করতে হয়েছে।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকার স্টেট ফেয়ার’-ও এর ব্যতিক্রম নয়। এই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জুন তিনি নিজেই এই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর পর নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাজধানীতে নির্ধারিত একাধিক শোভাযাত্রাও বাতিল করা হয়েছে।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা, চলতি সপ্তাহে হিট ডোম নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়ের প্রভাবে মধ্য-পশ্চিম আমেরিকা থেকে পূর্বাঞ্চল পর্যন্ত তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবাহর কয়েকগুণ বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ গ্রিডের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়।
মধ্য-আটলান্টিক, দক্ষিণাঞ্চল এবং ওয়াশিংটন ডিসি-সহ প্রায় ৬ কোটি ৭০ লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া দেশের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি চালু করেছে। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। নিউ ইয়র্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
অন্যদিকে, তাপপ্রবাহের সতর্কতা সত্ত্বেও নিউ ইয়র্কে উৎসাহে ভাটা পড়েনি। পর তারকা টেলর সুইফ্ট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে উপলক্ষে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে প্রচণ্ড গরম উপেক্ষা করে কয়েক হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন।