আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত ১৩

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তুলল আফগানিস্তান। বুধবার তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন বলে দাবি করা হয়েছে।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার, খোস্ট ও পাকটিকা এলাকায় আবাসিক বাড়িগুলির উপরে হামলা চালিয়েছে। তাঁর দাবি, হামলায় বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা বলে জানা গিয়েছে।

মুজাহিদের অভিযোগ, পাকিস্তানের সামরিক বিমান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। তিনি একে আগ্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, হামলার লক্ষ্য ছিল বেসামরিক এলাকা কোনও সামরিক ঘাঁটি নয়। হামলার পরে কিছু ছবি ও হতাহতের তথ্যও তালিবানরা প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।


তবে এই অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানা যায়নি। গত এক বছরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বেড়েছে। তালিবান প্রশাসনের দাবি, সীমান্ত এলাকায় পাকিস্তানের সামরিক অভিযানের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। অভিযোগ, চলতি বছরের মার্চ মাসে কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে সীমান্ত অঞ্চলে আরও অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।