শেখ হাসিনার বাংলাদেশে ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শুধু ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। বুধবার গোপালগঞ্জ কার্যত আওয়ামি লীগের কর্মী-সমর্থকদের দখলে চলে যায়। গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় রীতিমতো হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। থানা থেকে শুরু করে পুলিশ ব্যারাক, পুলিশের গাড়ি এবং গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে বলে খবর।
এদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। ঢাকা থেকে আটক হয়েছেন আওয়ামি লীগ জমানার প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরুকে। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভও। তাতেও আওয়ামি লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি পুলিশ-প্রশাসনের। এদিন দফায় দফায় উত্তেজনা ছড়াতে শুরু করেছে তারেক রহমানের দেশে। চলছে পথ অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ। বাস থেকে শুরু করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অশান্তির মাঝে একজনের আগুনে পুড়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, গত ১০ এবং ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামি লীগ এবং ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামি লীগের কর্মী-সমর্থকরা। পুলিশ ধৃতদের ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তখন থানায় ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি থানা ভবন এবং পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের হেফাজতে থাকা নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি অগ্নিগর্ভ হলে পুলিশকর্মীদের একাংশ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।
তাছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তখন একটি বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন কন্ডাক্টর। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। আবার পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সংযোগকারী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি-সহ নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লীগ।