দেড় শতাব্দী পর মিসিসিপি থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর, ট্রাম্পের রিপাবলিকানদের হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়যাত্রায় নয়া নজির। দীর্ঘদিনের রিপাবলিকান ‘দুর্গ’ মিসিসিপিতে সেনেট আসন ছিনিয়ে নিল ডেমোক্র্যাটিক পার্টি। শুধু তাই নয়, প্রায় ১৫০ বছর পর এই অঙ্গরাজ্য থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলোম। বুধবার প্রকাশিত ফলাফলে রিপাবলিকান প্রার্থী তথা বিদায়ী সেনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করেছেন ৪৩ বছরের কোলোম। এই জয়ের ফলে ১০০ আসনের মার্কিন সেনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। রিপাবলিকানদের আসন ৪৪। আলাস্কার একটি আসনে ফল এখনও ঘোষণা হয়নি।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৪,৬০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কোলোম। তাঁর প্রাপ্ত ভোট ৪৯.২ শতাংশ। অন্যদিকে, হাইড-স্মিথ পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট। নির্দল প্রার্থীর ঝুলিতে গিয়েছে ২.১ শতাংশ ভোট। ফল ঘোষণার পরেই পরাজয় স্বীকার করে কোলোমকে অভিনন্দন জানিয়েছেন হাইড-স্মিথ। সমাজমাধ্যমে তিনি লেখেন, নির্বাচনের ফল তাঁর প্রত্যাশামতো হয়নি। তবে মিসিসিপির ভোটারদের সিদ্ধান্তকে সম্মান করেন।
জয়ের পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে কোলোম বলেন, এই জয়ের কৃতিত্ব মিসিসিপির মানুষের। তাঁর কথায়, প্রচারের শুরুতে অনেকেই তাঁর জয়ের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন। এমনকি অনেকে তাঁর প্রচারে অর্থ সাহায্য করতেও রাজি হননি। কিন্তু তিনি বিশ্বাস হারাননি।

কোলোমের এই জয়কে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। ১৮৭৪ সালে মিসিসিপি থেকে শেষবার কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি মার্কিন সেনেটে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন ব্লাঞ্চ ব্রুস। তার পর প্রায় দেড় শতাব্দী কেটে গেলেও এই অঙ্গরাজ্য থেকে আর কোনও কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হননি। বর্ণবৈষম্যের দীর্ঘ ইতিহাস থাকা মিসিসিপিতে এই জয় তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।


মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, অর্থনৈতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ কোলোমের জয়ের পিছনে কাজ করেছে। বিশেষ করে ইরান নীতি ও তার জেরে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটারদের একাংশ রিপাবলিকানদের দিক থেকে মুখ ফিরিয়েছেন বলে মনে করা হচ্ছে। কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনও কোলোমের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

মিসিসিপির এই ফল মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের ধারাকে আরও এগিয়ে দিল। টেক্সাস, সাউথ ক্যারোলিনা, কানসাস ও আইওয়ার মতো রিপাবলিকান-প্রভাবিত এলাকাতেও ডেমোক্র্যাটরা সাফল্য পেয়েছেন। ফলে সেনেটের পাশাপাশি কংগ্রেসের নিম্নকক্ষেও রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনে এই ফল মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।