৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে, জয় মির্জা ফখরুলের

Photo: ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে (AI)

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপির প্রার্থী ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরেই গণনা শুরু হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ফখরুলের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে দীর্ঘ কয়েক দশক পরে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে শেষ বার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ১৯৯১ সালে। সেবার বিএনপি-সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে হারিয়েছিলেন। তারপর থেকে পরপর ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এ বারের নির্বাচনে ফখরুলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপির অন্দরে আবেগঘন পরিবেশেরও সৃষ্টি হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর দলের মহাসচিব এবং মন্ত্রিত্ব ছাড়েন তিনি। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের সাংসদদের তাঁর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান ফখরুল। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ এই নেতা।

অন্যদিকে, মুক্তিযুদ্ধের অন্যতম সেনা অলি আহমদ সামরিক বাহিনী থেকে অবসরের পর বিএনপিতে যোগ দিয়েছিলেন। পরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে মতবিরোধের জেরে ২০০৬ সালে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি গড়েন। এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোট তাঁকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে।

প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করেন গত ২৪ জুলাই। এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এতদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সাংসদ মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। দলটি এই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় তিনি ভোটদান থেকে বিরত থাকেন।

আরও পড়ুন: কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭

নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানানো হয়েছে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি দেশের প্রধান হলেও তাঁর অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার পরামর্শের ভিত্তিতে প্রয়োগ করার বিধান রয়েছে। ফলে ফখরুলের নির্বাচনের পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্রপতি পদের ভূমিকা কতটা বদলায়, সে দিকেও নজর থাকবে বাংলাদেশের রাজনৈতিক মহলের।