গাজায় ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯

গাজায় ফের হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। শনিবার গাজার বিভিন্ন এলাকায় চারটি পৃথক হামলায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে নারী, শিশু এবং এক সংবাদকর্মীও রয়েছেন। পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গাজা শহরের সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। হামলায় ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ওই ঘটনায় দুই নারীসহ ছয় জন প্যালেস্তাইনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন বাসিন্দাও।

এছাড়া গাজার উত্তরে বেইত লাহিয়া এলাকায়ও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সেখানেইজরায়েলি সেনার গুলিতে এক নারী নিহত হন। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে আট জন আহত হয়েছেন।


শনিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরও হামলার মুখে পড়ে। একটি বাড়িতে চালানো বিমান হামলায় এক সাংবাদিক-সহ তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় প্রায় ৩০০ প্যালেস্তাইনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

নিহত সাংবাদিক আহমেদ উইশা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চিত্রসাংবাদিক হিসেবে কাজ করতেন। তবে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করেই অভিযান চালায়। আইডিএফের বক্তব্য অনুযায়ী, আহমেদ ইউশা সাংবাদিকতার আড়ালে হামাসের হয়ে স্নাইপার হিসেবে কাজ করতেন।

একই সঙ্গে হামাসের আরও দুই সদস্যকে হত্যার দাবি করেছে তারা। যদিও এই অভিযোগের পক্ষে কোনও তথ্য প্রকাশ করেনি ইজরায়েলি বাহিনী।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাসের মধ্যে একাধিকবার যুদ্ধবিরতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। যুদ্ধবিরতি ভাঙার জন্য উভয়ই একে অপরকে দায়ী করে আসছে।